বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

স্থানীয় সরকার নির্বাচন: সিইসির সঙ্গে আইজিপির গুরুত্বপূর্ণ বৈঠক

স্থানীয় সরকার নির্বাচন: সিইসির সঙ্গে আইজিপির গুরুত্বপূর্ণ বৈঠক
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনকালীন নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে আইজিপি আলী হোসেন ফকির সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সেল গঠন এবং বিভিন্ন জেলা ও উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়েছে।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পুলিশকে বলা হয়েছে। শিগগিরই ওই প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হবে।

আইজিপি বলেন, ‘আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু আলোচনা করেছি। সেখানে আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সেল গঠন, বিভিন্ন জেলা-উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের কাছে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দিতে বলেছে। আমরা শিগগিরই সেটা দিয়ে দেব।’

নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করতেই এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনের আগে দেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন