বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
মাওলানা আব্দুল হালিম

‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্ব গুরুত্বপূর্ণ’

‘ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের দায়িত্ব গুরুত্বপূর্ণ’
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মো. আব্দুল হালিম।

তিনি বলেন, মহানবী (সা.) যে আদর্শ নিয়ে এসেছেন, তা অনুসরণ করে সমাজে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা আইনজীবীদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। ন্যায়ের পক্ষে থেকে মজলুম মানুষের অধিকার রক্ষায় আইনজীবীরা কার্যকর ভূমিকা রাখতে পারেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সীরাতুন্নবী (সা.) মাহফিল উদযাপন কমিটির সুপ্রিম কোর্ট শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী চিন্তাবিদ মুফতি আলী হাসান উসামা।

অন্যায়ের সঙ্গে আপস না করার আহ্বান

প্রধান আলোচক মুফতি আলী হাসান উসামা কুরআনের বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে আইনজীবীদের ন্যায় ও সত্যের পক্ষে দৃঢ় থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আইনজীবীদের এমন অঙ্গীকার করতে হবে যে তারা কোনো বিশ্বাসঘাতক বা অন্যায়কারীর পক্ষে অবস্থান নেবেন না এবং কোনো বাতিল শক্তির হাত শক্তিশালী করবেন না।

আইনজীবীদের উদ্দেশে তিনি আরও বলেন, রিজিকের মালিক আল্লাহ। তাই জীবিকার অজুহাতে অন্যায়ের সঙ্গে আপস করা উচিত নয়। ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ় অবস্থান নেওয়ার পাশাপাশি মজলুম মানুষের পাশে দাঁড়াতে তিনি আইনজীবীদের প্রতি আহ্বান জানান।

মুফতি আলী হাসান উসামা বলেন, সীরাতুন্নবী (সা.) মাহফিলের মূল উদ্দেশ্য শুধু মহানবী (সা.)-এর জীবনী আলোচনা করা নয়; বরং তাঁর আদর্শ ব্যক্তি জীবন, পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় প্রতিষ্ঠার চেষ্টা করা।

সুপ্রিম কোর্টে সীরাতুন্নবী মাহফিল

বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. মসিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলটি পরিচালনা করেন অ্যাডভোকেট সাইফুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. ইউসুফ আলী, অ্যাডভোকেট আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট আবদুল বাতেন, অ্যাডভোকেট শফিকুর রহমান ও অ্যাডভোকেট তারিকুল ইসলামসহ অনেকে।

এ সময় সিনিয়র অ্যাডভোকেট খালিদ আহমেদ, সিনিয়র অ্যাডভোকেট আবদুল হক, সিনিয়র অ্যাডভোকেট মনির হোসেন, ব্যারিস্টার বেলায়েত হোসেন, অ্যাডভোকেট এস এম জাহাঙ্গীর আলম, অ্যাডভোকেট আবদুল করিম, অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন ও অ্যাডভোকেট আবদুল কাইয়ুম ভুঁইয়াসহ সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বক্তারা মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে ব্যক্তি ও সামাজিক জীবনে ন্যায়, মানবিকতা ও ইনসাফ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন