বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যু

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের মৃত্যু
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়সসহ অন্যান্য বিস্তারিত তথ্য জানা যায়নি।

দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তৌফিক নেওয়াজ মারা যান। তিনি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান এবং সময় বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বজনেরা।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন

২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন তৌফিক নেওয়াজ। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন।

চলতি বছরের ২৭ মে স্বজনেরা তাঁকে হুইলচেয়ারে করে আদালত প্রাঙ্গণে নিয়ে যান। সেখানে কারাবন্দী স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে তাঁর দেখা হয়।

ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। আইন পেশায় দীর্ঘদিন ধরে যুক্ত থেকে তিনি দেশের বিচারাঙ্গনে পরিচিতি লাভ করেন।

তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন