বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বন্যায় স্থগিত এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু

বন্যায় স্থগিত এইচএসসি পরীক্ষা আজ থেকে শুরু
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত হওয়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে আবার শুরু হয়েছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে আজ ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। একই দিনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হচ্ছে।

সংশোধিত সূচি অনুযায়ী, ২২ আগস্ট আইসিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

২৯ ও ৩১ আগস্ট ভূগোল এবং আরবি ও পালি বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ ও ৫ সেপ্টেম্বর রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

৭ সেপ্টেম্বর অর্থনীতি এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিসের প্রথম পত্রের পরীক্ষা হবে। ৯ সেপ্টেম্বর দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো শেষ হবে।

পরীক্ষার সময়সূচিতে বলা হয়েছে, সকালের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং বিকেলের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নিজ নিজ কেন্দ্রে গিয়ে আসন গ্রহণ করতে হবে।

এর আগে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে বন্যা ও বৈরী আবহাওয়ার পরিস্থিতির কারণে গত ৮ জুলাই থেকে এসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

আলিমের স্থগিত পরীক্ষাও শুরু

এদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের স্থগিত আলিম পরীক্ষাও আজ থেকে সংশোধিত সূচিতে শুরু হয়েছে। বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিয়ে শুরু হওয়া স্থগিত পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্রের পরীক্ষার মাধ্যমে শেষ হবে।

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা গ্রহণের দিনই জেলা পোস্ট অফিসের মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাঠাতে বলা হয়েছে। দ্রুত ফল প্রকাশের লক্ষ্যেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া আলিম পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর আগামী ২৫ আগস্টের মধ্যে অনলাইনে বোর্ডে পাঠাতে হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন