বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

আরাফাত রহমান কোকো ছিলেন তরুণ সমাজের আদর্শ: ফকির মাহবুব আনাম

আরাফাত রহমান কোকো ছিলেন তরুণ সমাজের আদর্শ: ফকির মাহবুব আনাম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রয়াত আরাফাত রহমান কোকো তরুণ সমাজের জন্য ক্রীড়া ও মানবিকতার আদর্শ ছিলেন বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং মানবিক কর্মকাণ্ডে কোকোর অবদান তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ফকির মাহবুব আনাম বলেন, আরাফাত রহমান কোকো শুধু একজন ক্রীড়া সংগঠক ছিলেন না, তিনি ছিলেন তরুণদের কাছে একজন আদর্শ ব্যক্তিত্ব। ক্রীড়ার প্রতি তাঁর ভালোবাসা, সংগঠক হিসেবে দূরদর্শিতা এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে। দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, বাংলাদেশের ক্রিকেট আজ আন্তর্জাতিক অঙ্গনে যে অবস্থানে পৌঁছেছে, সেই পথ তৈরিতে আরাফাত রহমান কোকোর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে তিনি যে উদ্যোগ নিয়েছিলেন এবং যে দূরদর্শী চিন্তা নিয়ে কাজ করেছিলেন, তা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে মূল্যবান হয়ে থাকবে। তাঁর অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

মন্ত্রী আরও বলেন, ক্রীড়া শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি জাতির তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও দায়িত্বশীল করে গড়ে তোলার অন্যতম শক্তিশালী মাধ্যম। আরাফাত রহমান কোকো এই বিষয়টি উপলব্ধি করতেন। তাই তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি দেশ ও সমাজের জন্য ইতিবাচক কাজে এগিয়ে আসতে তিনি উৎসাহিত করতেন।

তিনি বলেন, বর্তমান প্রজন্মকে আরাফাত রহমান কোকোর কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিতে হবে। তাঁর দেখানো পথে দেশের তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হতে হবে। একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের মেধা, শ্রম ও যোগ্যতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

আলোচনা সভায় বক্তারা আরাফাত রহমান কোকোর কর্মময় জীবন ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা তাঁর স্মৃতিচারণ করে বলেন, দেশের ক্রীড়াক্ষেত্রে তাঁর উদ্যোগ ও চিন্তাভাবনা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়। তাঁর অসমাপ্ত কাজগুলোকে এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বক্তারা আরও বলেন, তরুণদের মধ্যে খেলাধুলার প্রসার ঘটানো, প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ তৈরি করে দেওয়া এবং ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার মাধ্যমে আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি যথাযথ সম্মান জানানো সম্ভব। তাঁর আদর্শ ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে তরুণ সমাজকে দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন