বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ
  • বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন

    বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনা, কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও সংসদীয় স্থায়ী কমিটি গঠনের কারণে এবারের অধিবেশন ঘিরে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

    সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, অধিবেশনটি প্রাথমিকভাবে ৫, ৭ বা ১০ দিনের হতে পারে। তবে প্রয়োজন অনুযায়ী সময় বাড়ানো হতে পারে। গুরুত্বপূর্ণ বিল পাসের পাশাপাশি বিরোধী দলের পক্ষ থেকে জনস্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয় উত্থাপন করা হলে তা নিয়েও আলোচনা হবে।

    সংক্ষিপ্ত অধিবেশনের প্রস্তুতি

    বৃহস্পতিবার বিকেল ৩টায় অধিবেশন শুরু হলেও এর মেয়াদ ও কার্যক্রম চূড়ান্ত হবে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে। এদিন দুপুর ২টায় কমিটির বৈঠক হওয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশন ১২ সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে।

    সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে গত ১১ আগস্ট তৃতীয় অধিবেশন আহ্বান করা হয়। সংবিধান অনুযায়ী, দুটি অধিবেশনের মধ্যবর্তী বিরতি ৬০ দিনের বেশি হওয়ার সুযোগ নেই। গত ১৫ জুলাই সংসদের দ্বিতীয় অধিবেশন শেষ হয়েছিল।

    প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনে যোগ দেওয়ার কর্মসূচি থাকায় নির্ধারিত সময়ের আগেই তৃতীয় অধিবেশন শুরু করা হচ্ছে। অধিবেশন শেষে ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে।

    যেসব বিল আসতে পারে

    সংসদে উত্থাপনের জন্য জাতীয় মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং সম্পত্তি হস্তান্তর (সংশোধন) আইন সংসদ সচিবালয়ে জমা পড়েছে।

    এ ছাড়া মন্ত্রিসভায় অনুমোদিত ব্যাংক রেজ্যুলেশন (সংশোধন) আইন এবং র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন বিশেষায়িত বাহিনী গঠনের লক্ষ্যে প্রস্তাবিত স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনও বিল আকারে সংসদে উঠতে পারে। এসব বিলের কয়েকটি চলতি অধিবেশনেই পাস হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    অধিবেশন শুরুর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপিদলীয় সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    জনদুর্ভোগের বিষয় তুলবে বিরোধী দল

    সংসদ অধিবেশনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে বিরোধী দল। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন সংস্থায় দলীয় নিয়োগের অভিযোগ নিয়েও তারা আলোচনা করতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

    স্থায়ী কমিটির নেতৃত্ব নিয়ে অনিশ্চয়তা

    জুলাই সনদ অনুযায়ী ১৪টি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ বিরোধী দলের সদস্যদের দেওয়ার কথা রয়েছে। তবে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটি বর্জন করায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    বৃহস্পতিবার তৃতীয় অধিবেশনে সংসদীয় স্থায়ী কমিটিগুলো গঠনের কথা রয়েছে। চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, বিরোধী দল সংবিধান সংস্কার কমিটিতে সদস্য না দেওয়ায় তাদের স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়ার বিষয়টি কীভাবে হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে সরকার বিরোধী দলকে কমিটিতে রাখতে চায় বলেও তিনি জানিয়েছেন।

    সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার

    অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভসহ বিভিন্ন ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে প্রশাসন।

    নির্দেশনা অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে এসব বিধিনিষেধ কার্যকর হয়েছে এবং সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। সংসদ ভবন এলাকায় অস্ত্র ও বিস্ফোরক বহনসহ বিভিন্ন জনসমাগমমূলক কর্মকাণ্ড কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন