বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেককে ট্রাম্পের প্রশংসা, বললেন ‘হতাশ করবে না’

বোয়িং কেনার সিদ্ধান্তে তারেককে ট্রাম্পের প্রশংসা, বললেন ‘হতাশ করবে না’
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বোয়িংয়ের উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও প্রশংসা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেছেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’

সোমবার (৩১ আগস্ট) হোয়াইট হাউস থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো এক চিঠিতে এসব কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠির শুরুতে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ‘প্রিয় মি. প্রধানমন্ত্রী, বোয়িংয়ের উড়োজাহাজ কেনার বিষয়ে আপনার চিঠি এইমাত্র পেয়েছি। উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের জন্য আপনাকে ধন্যবাদ। আমি কৃতজ্ঞ।’

এরপর তিনি বলেন, ‘বোয়িং আপনাকে হতাশ করবে না।’ একই সঙ্গে উড়োজাহাজ কেনার বিষয়টিতে প্রধানমন্ত্রীর মনোযোগের জন্যও ধন্যবাদ জানান তিনি।

চিঠিতে ভবিষ্যতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের আশাবাদও ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘অদূর ভবিষ্যতে আপনার সঙ্গে সাক্ষাৎ হবে আশা করি।’

বাংলাদেশের জনগণের প্রতিও শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের মানুষের কাছে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দেশটির জনগণ ও বাংলাদেশের সামনে ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে তিনি বিশ্বাস করেন।

চিঠির শেষে ‘শুভকামনাসহ’ ও ‘আন্তরিকভাবে’ উল্লেখ করে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন