আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ ও বদলি এবং কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগগুলো খতিয়ে দেখতে ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। টিমটির নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক মো. জাহিদ কালাম।
দুদক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। অভিযোগের মধ্যে রয়েছে বেআইনি কাজ হাসিলের জন্য ঘুষ গ্রহণ, অর্থপাচার এবং মানিলন্ডারিংয়ের মতো গুরুতর বিষয়।
এ ছাড়া বিদেশে অর্থপাচার ও অবৈধভাবে বিটকয়েন লেনদেনের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, স্বজনপ্রীতি এবং আঞ্চলিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সুবিধা নেওয়ার অভিযোগও করা হয়েছে।
দুদক সূত্রের দাবি, সাবেক ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালনকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠনে সরাসরি হস্তক্ষেপের অভিযোগও রয়েছে। পাশাপাশি সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগও অনুসন্ধান করা হচ্ছে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ-বদলি এবং বিভিন্ন কেনাকাটায় একটি সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতি হয়েছে কি না, অনুসন্ধানে সেটিও খতিয়ে দেখা হবে।
দুদকের অনুসন্ধানে অভিযোগগুলোর সত্যতা, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং আর্থিক লেনদেনের বিষয়গুলো যাচাই করা হবে। তবে অনুসন্ধানাধীন অভিযোগের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা অপরাধ প্রমাণিত হওয়ার তথ্য দেয়নি দুদক।