বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পোশাক রফতানি খাতের সংকট দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতির

পোশাক রফতানি খাতের সংকট দ্রুত সমাধানের তাগিদ রাষ্ট্রপতির
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের তৈরি পোশাক রফতানি খাতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সাক্ষাতে বিজিএমইএ নেতারা তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন তারা।

জবাবে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে তৈরি পোশাক খাতে চলে আসা বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করতে সরকার কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে তাদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে বিজিএমইএর পক্ষ থেকে আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ২৫তম বাটেক্সপো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়।

রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন