সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে? তরুণরা কিন্তু জাগ্রত: হাসনাত

১০ম গ্রেডের সরকারি চাকরির নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করার নামে বিএনপি সরকার ‘আরেকটি বাজে কাজ’ করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি অভিযোগ করেছেন, ১০ম গ্রেডের নিয়োগ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছ থেকে সরিয়ে নিয়ে নিজেদের কমিটি গঠন করে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, অন্যান্য ১০ম গ্রেডের পদের মতো উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগও দীর্ঘদিন ধরে সাংবিধানিক প্রতিষ্ঠান পিএসসির মাধ্যমে হয়ে আসছে। মন্ত্রণালয় শূন্য পদের সংখ্যা জানায়, পিএসসি পরীক্ষা নিয়ে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে এবং পরে মন্ত্রণালয় নিয়োগ দেয়। ফলে এ প্রক্রিয়ায় নিয়োগ কার্যক্রম ভালোভাবেই চলছে বলে মন্তব্য করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপি সরকার কেন জানি সব নিয়োগ সরকারের নিয়ন্ত্রণে নিতে চাইছে।’ পিএসসির অধীনে চলা নিয়োগ কার্যক্রম ‘ত্বরান্বিত’ করার নামে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও জনপ্রশাসন সচিবকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তার দাবি, প্রজ্ঞাপনে এই কমিটি নিয়োগ কার্যক্রম ত্বরান্বিত করতে কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে।
এ উদ্যোগের সমালোচনা করে হাসনাত প্রশ্ন করেন, ‘পিএসসি কী পারছে না? পিএসসি কোথায় বলেছে, আমরা পারছি না?’ তার ভাষ্য, খালি চোখেই বোঝা যাচ্ছে সরকার নিয়োগপ্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে চাইছে।
নিয়োগে পছন্দের ব্যক্তিদের সুযোগ দেওয়া কিংবা দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যেই এমন উদ্যোগ নেওয়া হতে পারে বলেও অভিযোগ করেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সরকার কি ২০২৪ সালের কথা ভুলে গেছে?’ সরকারি চাকরির নিয়োগে বৈষম্যের কারণেই দেশের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছিল এবং সেখান থেকে ‘কালজয়ী অভ্যুত্থান’ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ‘ক্ষমতা আর সংখ্যাগরিষ্ঠতার জোরে তা ভুলে গেলে সরকারকে মনে করিয়ে দিতে চাই, তরুণরা কিন্তু জাগ্রত আছে।’
নিয়োগ কার্যক্রমে হস্তক্ষেপ করে দুর্নীতির মাধ্যমে লাভবান হওয়ার চিন্তা করা হলে তা কখনোই ইতিবাচক ফল বয়ে আনবে না বলেও সতর্ক করেন এনসিপির এই নেতা।