বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ

১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নগরবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের ১৩টি সিটি কর্পোরেশনের জন্য মোট ২০ কোটি টাকা আবর্তক অনুদান হিসেবে বরাদ্দ দিয়েছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নগর উন্নয়ন-১ শাখা থেকে ১৩ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, চলতি অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের পরিচালন বাজেটে প্রাথমিক স্বাস্থ্যসেবা সহায়তা বাবদ সিটি কর্পোরেশনগুলোর জন্য আবর্তক অনুদান খাতে মোট ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে আরবান প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রতিশ্রুত ২৫ শতাংশ অর্থও প্রযোজ্য ক্ষেত্রে অন্তর্ভুক্ত রয়েছে।

বরাদ্দের মধ্যে সর্বোচ্চ ৪ কোটি ৫০ লাখ টাকা পেয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পেয়েছে ৪ কোটি ৩৯ লাখ টাকা।

এ ছাড়া গাজীপুর সিটি কর্পোরেশন ২ কোটি ২৮ লাখ টাকা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ২ কোটি, বগুড়া সিটি কর্পোরেশন ১ কোটি ৭৫ লাখ এবং রাজশাহী সিটি কর্পোরেশন ১ কোটি ২ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।

অন্যান্য সিটি কর্পোরেশনের মধ্যে নারায়ণগঞ্জ ৭৩ লাখ, বরিশাল ৭২ লাখ, ময়মনসিংহ ৬৫ লাখ, খুলনা ৬০ লাখ, কুমিল্লা ৫২ লাখ, রংপুর ৫২ লাখ এবং সিলেট সিটি কর্পোরেশন ৩২ লাখ টাকা পেয়েছে।

আদেশ অনুযায়ী, বরাদ্দ করা অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। পরবর্তী অর্থের বিভাজন অনুমোদনের সময় সংশ্লিষ্ট সিজিএ ও সিএও কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে চলতি অর্থবছরের ব্যয় বিবরণী দাখিল করতে হবে।

এ ছাড়া বরাদ্দের অর্থ ব্যয়ের ক্ষেত্রে ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্ট বিল উত্তোলনকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন