‘১৮ কোটি মানুষের দাবি নিয়ে লংমার্চে নেমেছি’: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ কোনো দলীয় দাবি আদায়ের কর্মসূচি নয়; বরং জনগণের বিভিন্ন দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাসের টাঙ্গাইল রোড এলাকায় লংমার্চের পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আজ সকাল ৭টায় শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত রংপুরের উদ্দেশ্যে আমাদের লংমার্চ শুরু হয়েছে। এই কর্মসূচি কোনো দলীয় দাবি নিয়ে নয়, বরং ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি।’
তিনি বলেন, জনগণের ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, শিল্পকারখানার চাকা সচল রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং পানির সংকটে থাকা মানুষের দুর্ভোগ দূর করার দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এ ছাড়া রাস্তা, ঘাট, হাট-বাজার ও টেম্পু স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধ, দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠা এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথাও তুলে ধরেন জামায়াত আমির।
গণভোটের প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা গণভোটে হ্যাঁ বলেছিলেন। ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছিল। সরকার আপনাদের গণভোটকে অগ্রাহ্য করে অপমানিত করেছে। জনগণের রায়ের বাস্তবায়ন এই বাংলার মাটিতে হবে।’
তিনি আরও বলেন, জনগণের রায়ের বাস্তবায়ন বিএনপিকেই করতে হবে। এ সময় তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, ৮ দফা দাবি যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিও তুলে ধরেন ডা. শফিকুর রহমান। এসব দাবিকে সাধারণ মানুষের দাবি হিসেবে উল্লেখ করে তিনি জনগণকে কর্মসূচির সঙ্গে থাকার আহ্বান জানান।
এদিকে শনিবার সকাল থেকেই ভোগড়া বাইপাস এলাকায় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়তে থাকে। পরে পথসভাস্থল মানুষে পূর্ণ হয়ে যায়। সকাল ১০টার দিকে ভোগড়া বাইপাসের পথসভা শেষ করে লংমার্চটি টাঙ্গাইলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইলের নগর জালফৈ বাইপাস এলাকায় আরেকটি পথসভা হওয়ার কথা রয়েছে।