রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ভোরের বজ্রবৃষ্টিতে ভোগান্তি, ঢাকার বিভিন্ন সড়কে পানি

ভোরের বজ্রবৃষ্টিতে ভোগান্তি, ঢাকার বিভিন্ন সড়কে পানি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা ও আশপাশের এলাকায় ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিভিন্ন এলাকায় বৃষ্টি অব্যাহত ছিল।

বৃষ্টির কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল কিছুটা ধীর হয়ে যায়। এতে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।

টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়। নিউমার্কেট, ধানমন্ডি, জিগাতলা, মালিবাগ, রাজারবাগ ও শান্তিনগর এলাকার কয়েকটি সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। এতে এসব এলাকায় চলাচলে কিছুটা অসুবিধা তৈরি হয়।

তবে সকাল পর্যন্ত রাজধানীতে কত মিলিমিটার বৃষ্টি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে বৃষ্টির কারণে দিনের শুরুতে রাজধানীর আবহাওয়া তুলনামূলক স্বস্তিদায়ক হয়ে ওঠে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন