কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অপ্রতিমের স্বজন ও স্থানীয়রা অংশ নেন।
জানাজায় পুরো মাঠে শোকের পরিবেশ তৈরি হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
জানাজার আগে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, ‘আমার একটাই ছেলে। আমার ছেলে আপনাদের কুমিল্লার আকাশের নিচে আপনাদের ভালোবাসায় বড় হয়েছিল। আমি ওর বাবা হিসেবে আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। যদি কোনো আচরণে আপনারা দুঃখ পেয়ে থাকেন, আপনারা ক্ষমা করে দেবেন। ওর জন্য দোয়া করবেন, ওর যেন বেহেশত নসিব হয়।’
প্রথম জানাজা শেষে অপ্রতিমের মরদেহ দ্বিতীয় জানাজার জন্য গন্ধমতিতে নিয়ে যাওয়া হয়।
এর আগে গত ১৮ সেপ্টেম্বর কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে ১৩ বছর বয়সী অপ্রতিম নিখোঁজ হয়। তাকে উদ্ধারে বিভিন্নভাবে চেষ্টা চালানো হয়। পরে শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন পশ্চিম সানন্দা এলাকার একটি পাহাড়ি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে তিন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।