ভোরের ভারি বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে

রাজধানী ঢাকায় ভোর থেকে টানা ভারি বৃষ্টিতে বিভিন্ন এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের দুর্ভোগে পড়তে হয়েছে। জলাবদ্ধতার কারণে অনেক সড়কে যানবাহনের গতিও কমে যায়।
রোববার (২০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে বৃষ্টি শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতা বাড়লে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে যায়।
সকালে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার সময় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরা। অনেককে পানি মাড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায়।
সরেজমিনে পুরান ঢাকা, মতিঝিল, মালিবাগ, রামপুরা, মগবাজার, তেজগাঁও, গ্রিন রোড, পান্থপথ ও আগারগাঁওসহ বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখা গেছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়।
বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসে রাজধানীর কোথাও কোথাও সড়কের ওপর গাছ ভেঙে পড়েছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে রোববার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।