বন্ধ্যাত্ব চিকিৎসায় পৃথক আধুনিক কেন্দ্র স্থাপনের উদ্যোগ

দেশে বন্ধ্যাত্ব চিকিৎসার সুযোগ আরও বাড়াতে পৃথক ও আধুনিক চিকিৎসাকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২০ সেপ্টেম্বর) ঢাকা মেডিকেল কলেজে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম (পিসিওএস) বিষয়ে সচেতনতামূলক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্ধ্যাত্ব চিকিৎসার জন্য আধুনিক যন্ত্রপাতি নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক তৈরি করতে হবে। এ জন্য চিকিৎসাসংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা আরও জোরদার করা প্রয়োজন।
তিনি বলেন, দেশে বন্ধ্যাত্ব চিকিৎসার আধুনিক সুযোগ-সুবিধা বাড়ানো গেলে রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রবণতা কমবে। একই সঙ্গে দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থাও বাড়বে।
সন্তান না হওয়াকে কেন্দ্র করে কোনো দম্পতি যাতে সামাজিকভাবে হেনস্তা বা লাঞ্ছনার শিকার না হন, সে বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান মন্ত্রী।
তিনি বলেন, বন্ধ্যাত্ব একটি চিকিৎসাসংক্রান্ত বিষয়। এ কারণে কোনো দম্পতিকে সামাজিকভাবে হেয় করা বা তাদের ওপর মানসিক চাপ তৈরি করা উচিত নয়। এ বিষয়ে পরিবার ও সমাজের মানুষের আরও দায়িত্বশীল ও সংবেদনশীল আচরণ প্রয়োজন।
চিকিৎসার জন্য বিদেশে না গিয়ে দেশের চিকিৎসকদের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে। এ জন্য দেশের চিকিৎসাব্যবস্থাকে আরও আধুনিক ও মানসম্মত করার ওপর গুরুত্ব দিতে হবে।