বর্তমান পরিস্থিতির জন্য সরকারকে দোষ দিই না: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতির জন্য তিনি সরকারকে দোষ দেন না। তাঁর মতে, বিভিন্ন ধরনের ব্যয় সামলাতে গিয়ে সরকার বর্তমানে চাপের মধ্যে রয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, একদিকে সরকারকে ঋণ পরিশোধ করতে হচ্ছে, অন্যদিকে বেশি দামে তেল, ডিজেল ও গ্যাস আমদানি করতে হচ্ছে। এসব ব্যয় সামলাতে গিয়ে সরকারের ওপর চাপ তৈরি হয়েছে।
তিনি বলেন, তাঁর কয়েক লাখ কর্মী রয়েছেন, যাদের সবাইকে তিনি আত্মীয়ের মতো মনে করেন। মানুষের জন্য কাজ করাই তাঁর মূল লক্ষ্য।
নিজের দায়িত্ব পালনের বিষয়ে রুমিন ফারহানা বলেন, আল্লাহ যদি তাঁকে ‘পোড়া বাজেটও’ দিতেন, তাহলে তিনি সেটিকে সোনা দিয়ে মুড়িয়ে দিতেন।
তিনি আরও বলেন, আল্লাহ তাঁকে জনগণ ও সরকারের মধ্যে একটি মাধ্যম হিসেবে কাজ করার সুযোগ দিয়েছেন।
দীর্ঘদিন এলাকায় তাঁকে দেখা না গেলে নেতাকর্মীদের মোবাইল ফোনের দিকে চোখ রাখার আহ্বান জানান রুমিন ফারহানা।
তিনি বলেন, মোবাইল ফোনের দিকে চোখ রাখলেই বোঝা যাবে, তিনি ঘুমিয়ে নেই। সংসদে কিংবা এলাকায়—কোথাও না কোথাও তিনি জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।