আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের মধ্যে সংঘর্ষ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব মোড় ঘিরে আশপাশের বিভিন্ন সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ সময় দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিবের দাবি, ক্লাস শেষে ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব হয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী বাস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব এলাকায় গিয়ে তাদের প্রতিহত করেন বলে জানান তিনি।
অন্যদিকে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে দাবি করেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরাই তাদের ওপর হঠাৎ হামলা চালান। হামলার কারণ তারা জানেন না বলেও জানান তিনি। তার দাবি, ঘটনায় আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।
ওই শিক্ষার্থী বলেন, তারা নতুন শিক্ষার্থী। বাসায় যাওয়ার পথে হঠাৎ হামলার মুখে পড়েছেন। এতে নিজেদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন।
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস বলেন, ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব হয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করেন বলে তিনি শুনেছেন। এরপর দুই কলেজের কিছু শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন।
অধ্যক্ষ আরও বলেন, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকেই নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করেছিল। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে বিরত রাখতে কলেজের শিক্ষকদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।