শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বাংলাদেশ-কিরগিজস্তানের দুটি সমঝোতা স্মারক সই, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার

    বাংলাদেশ-কিরগিজস্তানের দুটি সমঝোতা স্মারক সই, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও কিরগিজস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পররাষ্ট্র দপ্তর পর্যায়ের আলোচনা (এফওসি) শেষে এসব সমঝোতা স্মারক সই করে দুই দেশ।

    সমঝোতা স্মারক দুটির একটি ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতাবিষয়ক। অন্যটি ২০২৬-২০২৭ মেয়াদে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাস্তবভিত্তিক সহযোগিতা এগিয়ে নিতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নিয়ে।

    দ্বিপক্ষীয় আলোচনায় বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। কিরগিজস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাইরাত তুরসুনকুলভ। দুই দেশের প্রতিনিধিরা নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকগুলোতে সই করেন।

    আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা ও বৃত্তি, শ্রমিকদের কর্মসংস্থান, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ, সংসদীয় আদান-প্রদান, উচ্চপর্যায়ের সফর, তথ্যপ্রযুক্তি, প্রযুক্তি হস্তান্তর, সংস্কৃতি, পর্যটন এবং ভিসা সহজীকরণসহ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। ২০২৭ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উদ্‌যাপনের বিষয়েও একমত হন প্রতিনিধিরা।

    দ্বিপক্ষীয় সম্পর্কের অব্যবহৃত সম্ভাবনা কাজে লাগানোকে অগ্রাধিকার দেওয়ার কথা জানায় দুই দেশ। রাজনৈতিক যোগাযোগ জোরদারে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠকসহ উচ্চপর্যায়ের সফর বিনিময়ের আয়োজনেও সম্মত হয় তারা। জাতিসংঘ, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও সাংহাই সহযোগিতা সংস্থাসহ (এসসিও) বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

    আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের সম্ভাব্য ভূমিকার প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, কিরগিজস্তান ২০২৭-২০২৮ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে কাজ করছে। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে ঘনিষ্ঠ সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করে উভয় পক্ষ।

    বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বেসরকারি খাতের অংশগ্রহণ এবং ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়। বস্ত্র, তৈরি পোশাক, ওষুধশিল্প ও তথ্যপ্রযুক্তিকে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত করা হয়েছে। আলোচনায় ইউরেশীয় অঞ্চলের ভূকৌশলগত গুরুত্ব এবং ১৮ কোটির বেশি মানুষের বাজারে বাংলাদেশের অর্থনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর সম্ভাবনাও উঠে আসে। সরকারি ও বেসরকারি পর্যায়ে অংশীদারত্ব জোরদারে আশাবাদ প্রকাশ করে কিরগিজ পক্ষ।

    শিক্ষা, খেলাধুলা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কর্মসংস্থানের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। কিরগিজস্তানে দক্ষ ও আধাদক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন প্রতিনিধিরা। তৈরি পোশাক, ওষুধশিল্প ও তথ্যপ্রযুক্তি খাতকে এ ক্ষেত্রে সম্ভাবনাময় হিসেবে বিবেচনা করা হয়।

    বাংলাদেশি শিক্ষার্থীদের কিরগিজস্তানে উচ্চশিক্ষা, বিশেষ করে মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ নিয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের যাতায়াত ও ভর্তি প্রক্রিয়ায় নিয়মিত ও বৈধ ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

    এ ছাড়া কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি, দুই দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা, কৃষি, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, সংস্কৃতি, পর্যটন, বিনিয়োগ সুরক্ষা এবং শিল্প সহযোগিতাসংক্রান্ত প্রস্তাবিত চুক্তি ও সমঝোতা নিয়েও আলোচনা হয়।

    আলোচনা শেষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী জিনবেক কুলুবায়েভের সঙ্গে বৈঠক করেন। তাঁরা দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে পারস্পরিক সুবিধা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেন। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে কুলুবায়েভ তাঁকে সুবিধাজনক সময়ে কিরগিজস্তান সফরের আমন্ত্রণ জানান।

    বৈঠকে পররাষ্ট্রসচিব ২০৩১-২০৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং ২০২৮-২০৩০ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে কিরগিজস্তানের সমর্থন চান। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনেও দেশটির সহযোগিতা কামনা করেন তিনি।

    অন্যদিকে, ২০২৭-২০২৮ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে কিরগিজস্তানের প্রার্থিতাকে সমর্থন দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী জিনবেক কুলুবায়েভ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন