মালয়েশিয়ায় যেতে মেডিকেল পরীক্ষায় ৮ হাজার টাকার বেশি নেওয়া যাবে না

মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নেওয়া যাবে না বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার জন্য নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দেওয়া যাবে না। এ বিষয়ে কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয় জানিয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য কোনো এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।
কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি অর্থ দাবি করলে কিংবা কর্মীদের হয়রানি বা টালবাহানা করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। অভিযোগ জানাতে ই-মেইল করতে হবে secretary@probashi.gov.bd ঠিকানায়। এ ছাড়া মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি দিতে হয় না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ ও পরীক্ষা করা হবে। কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শনিবার (৩১ অক্টোবর) থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হয়েছে। এর আগে স্বাস্থ্য পরীক্ষা করানো হলে তা গ্রহণযোগ্য হবে না। এমনকি অভিবাসন ছাড়পত্রের জন্যও আগের পরীক্ষার প্রতিবেদন বিবেচনা করা হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়।