শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • তরুণদের কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

    তরুণদের কর্মসংস্থান ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজকে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে অভিহিত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

    ১ নভেম্বর জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে শনিবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, যুবসমাজ একটি জাতির প্রাণশক্তি এবং উন্নয়নের প্রধান চালিকাশক্তি।

    তিনি বলেন, দেশের সব বড় গণতান্ত্রিক অর্জনে তরুণেরা অগ্রণী ভূমিকা রেখেছেন। ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের দশকের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাঁদের অবদান স্মরণীয়।

    রাষ্ট্রপতি বলেন, যুবসমাজকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করা গেলে স্বনির্ভর, উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

    এ বছরের যুব দিবসের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ যথার্থ উল্লেখ করে তিনি বলেন, দেশের জনসংখ্যার বড় একটি অংশ তরুণ। এই জনমিতিক সুবিধা দেশের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এ সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

    এ লক্ষ্য অর্জনে কর্মসংস্থানমুখী মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা, উন্নত স্বাস্থ্যসেবা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

    তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা ও কর্মসূচির ভিত্তি স্থাপন করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই উদ্যোগকে আরও এগিয়ে নেন।

    রাষ্ট্রপতি জানান, যুব উন্নয়ন কার্যক্রমকে আরও শক্তিশালী ও আধুনিক করতে বর্তমান সরকার সরকারি ও বেসরকারি অংশীজনদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এসব উদ্যোগের আওতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর কৃষি, হস্তশিল্প, কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে।

    সরকারি ও বেসরকারি খাতের এসব উদ্যোগ তরুণদের উদ্যোক্তা এবং স্বনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রাষ্ট্রপতি মাদকাসক্তি প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং সামাজিক অবক্ষয় রোধে সামাজিক আন্দোলন ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে অংশ নিতে যুবসমাজের প্রতি আহ্বান জানান।

    যুবসমাজের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সরকার, বেসরকারি খাত, সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তি ও পরিবারগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

    তিনি বলেন, ‘যুবসমাজের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাকে আমাদের সম্মিলিত অঙ্গীকার হিসেবে গ্রহণ করতে হবে।’

    জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন