শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পতেঙ্গায় আধুনিক অবকাঠামো, খেজুরতলায় সবুজ পর্যটনকেন্দ্রের পরিকল্পনা

    পতেঙ্গায় আধুনিক অবকাঠামো, খেজুরতলায় সবুজ পর্যটনকেন্দ্রের পরিকল্পনা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের পতেঙ্গা থেকে খেজুরতলা পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সমুদ্রসৈকত পর্যটকদের জন্য উন্মুক্ত করে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পরিকল্পনা অনুযায়ী, পতেঙ্গায় আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তোলা হবে। অন্যদিকে, খেজুরতলার প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজ পরিবেশ অক্ষুণ্ন রেখে এলাকাটিকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

    রোববার (৮ নভেম্বর) খেজুরতলা সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা ও নান্দনিক চট্টগ্রাম গড়ার কার্যক্রমে এসব পরিকল্পনার কথা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

    অনুষ্ঠানে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) মহাপরিচালক (সচিব) মো. আমিনুল ইসলাম বলেন, খেজুরতলার প্রায় আড়াই কিলোমিটার সৈকত প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত—দুটিই উপভোগ করা যায়। যথাযথ পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে এলাকাটিকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে রূপ দেওয়া সম্ভব।

    তিনি আরও বলেন, জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের যৌথ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিবেশ সংরক্ষণ, ডেঙ্গু প্রতিরোধ এবং পর্যটন বিকাশে ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ নিয়মিত চালু রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

    চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, তৈরি পোশাকশিল্প, কৃষি ও প্রবাসী আয়ের পাশাপাশি পর্যটনও দেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী খাত হয়ে ওঠার সম্ভাবনা রাখে। এ সম্ভাবনা কাজে লাগাতে আন্তর্জাতিক মানের বিশেষায়িত পর্যটনকেন্দ্র গড়ে তোলা প্রয়োজন।

    তিনি বলেন, খেজুরতলা সমুদ্রসৈকতকে বিশ্বমানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে বিদেশি পর্যটকদের আকর্ষণ করা সম্ভব হবে। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা ও রাজস্ব আয়ের নতুন সুযোগ তৈরি হতে পারে।

    চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন জেলা প্রশাসনের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রশংসা করেন। তাঁর মতে, এ উদ্যোগ ডেঙ্গুর প্রকোপ কমানোর পাশাপাশি পর্যটনকেন্দ্রগুলোর পরিবেশ উন্নত করতে সহায়ক হবে। পুরো চট্টগ্রামকে পরিচ্ছন্নতার একটি অনুকরণীয় মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও জানান তিনি।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, গত জুলাই থেকে চট্টগ্রামকে পরিচ্ছন্ন, নান্দনিক ও পর্যটনবান্ধব করে গড়ে তুলতে কাজ করছে জেলা প্রশাসন। এর অংশ হিসেবে পতেঙ্গা ও খেজুরতলা সমুদ্রসৈকত নতুনভাবে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

    তিনি বলেন, পতেঙ্গার ওয়েস্ট পয়েন্ট থেকে খেজুরতলার শেষ প্রান্ত পর্যন্ত পুরো সৈকত উন্মুক্ত করার লক্ষ্য রয়েছে। এলাকাটি দৃষ্টিনন্দন করে সাজানো হবে। তবে খেজুরতলার প্রাকৃতিক সবুজ পরিবেশ যথাসম্ভব অক্ষুণ্ন রাখা হবে।

    জেলা প্রশাসক জানান, গত বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এক বৈঠকে পতেঙ্গা সমুদ্রসৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের কাজও শুরু হয়েছে। পতেঙ্গা ও খেজুরতলায় আলাদা বৈশিষ্ট্যের পর্যটন পরিবেশ তৈরি করা হবে। পতেঙ্গায় আধুনিক সুযোগ-সুবিধা ও অবকাঠামোকে গুরুত্ব দেওয়া হলেও খেজুরতলায় প্রাধান্য পাবে সবুজ প্রকৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য।

    খেজুরতলার সম্ভাবনা তুলে ধরে জাহিদুল ইসলাম মিঞা বলেন, নির্মল বাতাস, সবুজ পরিবেশ এবং সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য এ সৈকতের বিশেষ আকর্ষণ। এসব বৈশিষ্ট্য আন্তর্জাতিক পর্যটকদের কাছে তুলে ধরতে চান তাঁরা।

    তবে বিদেশি পর্যটক আকৃষ্ট করতে শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয় বলে মনে করেন জেলা প্রশাসক। পর্যটকদের নিরাপত্তা, উন্নত সেবা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। এ কাজে প্রশাসন, ট্যুরিস্ট পুলিশ, গণমাধ্যম ও পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

    তিনি আরও বলেন, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও চট্টগ্রাম সিটি করপোরেশন যৌথভাবে নগরীকে নান্দনিক করে তোলার কাজ করছে। শুধু পতেঙ্গা ও খেজুরতলা নয়, চট্টগ্রামের অন্যান্য সম্ভাবনাময় এবং তুলনামূলকভাবে অপরিচিত পর্যটন এলাকাকেও পর্যায়ক্রমে পরিচিত করে তোলার পরিকল্পনা রয়েছে।

    এসব এলাকার সৌন্দর্য দেশ-বিদেশে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা চেয়ে জেলা প্রশাসক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক পরিসরে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা তুলে ধরা প্রয়োজন। বিশ্বের মানুষকে জানাতে হবে, বাংলাদেশ কত সুন্দর একটি দেশ।

    পরিচ্ছন্নতা কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে চট্টগ্রামে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে ৭ নভেম্বর রাষ্ট্রীয় কর্মসূচি থাকায় এবার এক দিন পিছিয়ে রোববার এ কার্যক্রম আয়োজন করা হয়েছে।

    জেলা প্রশাসকের ভাষ্য, পরিচ্ছন্নতার পাশাপাশি চট্টগ্রামকে নান্দনিকভাবে সাজানো এবং মানুষের জন্য নির্মল বিনোদনের পরিবেশ তৈরি করাও এ উদ্যোগের লক্ষ্য। মানুষ প্রকৃতির অংশ, তাই প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের পাশাপাশি তা উপভোগের উপযোগী পরিবেশ গড়ে তোলা জরুরি।

    খেজুরতলা সৈকতকে নতুনভাবে সাজানোর উদ্যোগকে একটি নতুন যাত্রা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আজকে আমাদের একটি নতুন যাত্রা শুরু হলো। আমরা শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা নয়, এই সমুদ্রসৈকতকে কীভাবে সুন্দরভাবে সাজানো যায়, তা নিয়েও কাজ করব। বিশ্বের পর্যটকদের এখানে আসার আহ্বান জানাব।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন