শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী

    পরিবেশের মান না মানলে কোনো ট্যানারি চলতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের পরও যেসব ট্যানারি উৎপাদন শুরু করতে পারেনি, সেগুলো চালু করতে কারিগরি ও আর্থিক সহায়তা দেবে সরকার। তবে পরিবেশগত বিধিবিধান না মানলে কোনো ট্যানারিকে কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না। চামড়া শিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে পরিবেশগত মান নিশ্চিত করা, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন ও আন্তর্জাতিক সনদ অর্জনে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

    বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে ‘বাংলাদেশ–নেদারল্যান্ডস সাসটেইনেবল ট্রেড ফোরাম ২০২৬ এবং সিবিআই হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ (সিবিআই) ও লাইটক্যাসেল পার্টনার্স যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

    বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে। গত বছর লেদার ও নন-লেদার পণ্য মিলিয়ে প্রায় ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাজার। পাশাপাশি ভারতও চামড়াজাত পণ্যের অন্যতম প্রধান ক্রেতা হয়ে উঠেছে।

    এই সম্ভাবনা কাজে লাগাতে পণ্যের গুণগত মান উন্নয়ন, পরিবেশগত মানদণ্ড অনুসরণ এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী উৎপাদনব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দেন তিনি।

    হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি স্থানান্তরের দীর্ঘসূত্রতা চামড়া শিল্পের অগ্রগতিতে বাধা তৈরি করেছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার এ খাতের বিদ্যমান সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে। উৎপাদনে যেতে না পারা ট্যানারিগুলোকে সচল করতে প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

    তিনি জানান, ৫০ হাজার বর্গফুট বা তার বেশি আয়তনের প্রতিটি কারখানায় নিজস্ব তরল বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হবে। পাশাপাশি সাভারের সব ট্যানারিকে আন্তর্জাতিক লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জন করতে হবে। পরিবেশগত বিধিবিধান মেনে চলার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।

    চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সক্ষমতা বাড়ানো এবং উন্নত ক্রোমিয়াম পুনরুদ্ধার ইউনিট স্থাপনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়া শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

    অনুষ্ঠানে দেশের কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বিকাশের ওপরও গুরুত্ব দেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এবং আয়বৈষম্য কমাতে এ খাতের অবদান বাড়ানো জরুরি। বর্তমানে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান এক-চতুর্থাংশের কম। তা অন্তত ৬০ শতাংশে উন্নীত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

    ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থায়ন সহজ করার বিষয়ে মন্ত্রী বলেন, ব্যাংকঋণ পেতে জটিল নথিপত্র ও প্রক্রিয়াগত বাধার কারণে অনেক উদ্যোক্তা প্রয়োজনীয় অর্থ পান না। এ সমস্যা দূর করতে এসএমই ফাউন্ডেশনকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সহজে প্রাতিষ্ঠানিক সহায়তা ও ঋণ সুবিধা পেতে পারেন।

    তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর এসএমই খাতের ঋণ পুনঃঅর্থায়ন কর্মসূচির বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকা করা হয়েছে। এ কর্মসূচিতে ঋণ আদায়ের হার ৯৮ শতাংশ বলে উল্লেখ করেন তিনি।

    বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, টেকসই শিল্পায়ন ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার বাড়াতে দুই দেশের সহযোগিতা নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে হোম টেক্সটাইল ও চামড়াশিল্পে নেদারল্যান্ডসের প্রযুক্তিগত অভিজ্ঞতা বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের বিকাশে সহায়ক হতে পারে।

    বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং চামড়াশিল্পের উন্নয়নে নেদারল্যান্ডস সরকার, সিবিআই ও উন্নয়ন অংশীদারদের সহযোগিতার প্রশংসা করেন তিনি। পরিবেশবান্ধব উৎপাদন ও রপ্তানি বহুমুখীকরণের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে দেশের অবস্থান আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে টেকসই বাণিজ্য সম্প্রসারণ, শিল্প খাতে সহযোগিতা এবং হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় সিবিআইয়ের হোম টেক্সটাইল ও লেদার কর্মসূচির উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল এবং সিবিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জুডিথ আরেন্ডস। এ ছাড়া সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, শিল্পোদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন