শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj

গুজব ছড়িয়ে গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ

গুজব ছড়িয়ে গাজীপুরে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকদের বিক্ষোভের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা মহাসড়ক অবরোধ করলে দুই পাশেই যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ট্রপিক্যাল এবং পূর্বচন্দ্রা এলাকার এপেক্স লেনজারি পোশাক কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবারও আন্দোলন করেন। সেদিন পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েকজন শ্রমিক আহত হন।

শনিবার সকালে কারখানাগুলোতে এক আহত শ্রমিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। পরে শ্রমিকেরা কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারখানার কাছেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান নেন। তবে আহত শ্রমিকের মৃত্যুর খবরটি গুজব বলে জানিয়েছে পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় গাজীপুর শিল্প পুলিশ, কালিয়াকৈর থানা পুলিশ ও বিজিবির সদস্যরা। তাঁরা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ওঠেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, শ্রমিকেরা একটি গুজবের ভিত্তিতে আন্দোলন শুরু করেছেন। তবে তাঁদের মূল দাবি বেতন বৃদ্ধি। আশপাশের সাত থেকে আটটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমেছেন। প্রায় আড়াই ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন