বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মানবতাবিরোধী অপরাধে রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি

মানবতাবিরোধী অপরাধে রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে হাজির সাবেক আইজিপি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এই প্রথম রাজসাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল ৯টা ২৫ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ নিরাপত্তায় তাকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। তার উপস্থিতি ঘিরে ট্রাইব্যুনাল চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। তবে, তাকে হাতকড়া পরানো হয়নি।

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলাটিতে এদিন প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ হয়। মামলাটি চলছে শেখ হাসিনার অনুপস্থিতিতে।

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত কথিত হত্যাযজ্ঞ নিয়ে ট্রাইব্যুনালে এখন পর্যন্ত পাঁচ শতাধিক অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে শেখ হাসিনাসহ চারটি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের গ্রেপ্তারকৃত শীর্ষ ১৭ নেতার বিরুদ্ধে ছয়টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রসিকিউশন জানায়, শেখ হাসিনার সর্বশেষ ঠিকানায় ওয়ারেন্ট পাঠানো হলেও তিনি অনুপস্থিত থাকায় আন্তর্জাতিক আইন অনুসারে বিচার প্রক্রিয়া একতরফাভাবে চলবে।

মামলাটিতে আরও যারা সাক্ষ্য দেবেন তাদের মধ্যে রয়েছেন: আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, গবেষক বদরুদ্দিন উমর, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান, নাহিদ ইসলাম, উমামা ফাতেমা এবং 'জুলাই আন্দোলনে' হতাহতদের পরিবারের সদস্যরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন