বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

৩২ নম্বরে গণপিটুনির শিকার রিক্সাচালক আজিজুরের জামিন, বাধা নেই মুক্তিতে

৩২ নম্বরে গণপিটুনির শিকার রিক্সাচালক আজিজুরের জামিন, বাধা নেই মুক্তিতে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে গিয়ে গণপিটুনি ও মবের শিকার হওয়া রিকশাচালক আজিজুর রহমানকে আদালত জামিন দিয়েছেন। কোনো অন্যান্য মামলা না থাকায় তার মুক্তিতে আর কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

রোববার (১৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম. এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আজিজুর রহমানের পক্ষে জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

রিকশাচালক আজিজুর রহমানকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গতকাল শনিবার তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান।

আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সন্দিগ্ধ আসামি মো. আজিজুর রহমান মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন।

শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার হন রিকশাচালক আজিজুর রহমান। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

যে মামলায় আজিজুরকে গ্রেপ্তার দেখানো হয় সেটির অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানার নিউমার্কেট থেকে সায়েন্সল্যাব এলাকার দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন ভুক্তভোগী মো. আরিফুল ইসলাম। ঘটনার দিন দুপুর আড়াইটায় আসামিরা গুলি, পেট্রোল বোমা ও হাতবোমা নিক্ষেপ করে। গুলি ভুক্তভোগীর পিঠ দিয়ে ঢুকে গেলে তাৎক্ষণিক পড়ে যান তিনি। পরে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ২ মাস চিকিৎসা শেষ সুস্থ হন। 

এ ঘটনায় চলতি বছরের ২ এপ্রিল রাজধানীর ধানমন্ডি থানায় হত্যাচেষ্টা মামলা করেন আরিফুল। 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন