বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জুলাই-আগস্ট আন্দোলন মামলা: রাজসাক্ষী মামুনের জেরা শুরু

জুলাই-আগস্ট আন্দোলন মামলা: রাজসাক্ষী মামুনের জেরা শুরু
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এ মামলায় রাজসাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের মাধ্যমে তার জেরা কার্যক্রম শুরু হয়।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন চৌধুরী মামুনের জেরা করছেন। এর আগে, ২ সেপ্টেম্বর রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়ার পর তাকে আংশিকভাবে জেরা করা হয়েছিল। এরপর ৩ সেপ্টেম্বর স্টেট ডিফেন্সের আবেদনের পরিপ্রেক্ষিতে বাকি জেরার জন্য আজকের দিন ধার্য করা হয়।

জবানবন্দিতে রাজসাক্ষী চৌধুরী মামুন আওয়ামী লীগ শাসনামলে পুলিশে রাজনৈতিক প্রভাব এবং গ্রুপিংয়ের কথা তুলে ধরেন। একইসঙ্গে তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই-আগস্টে গণহত্যা চালানো হয়েছে জানিয়ে নিজের দায় স্বীকার করে ক্ষমা চেয়েছেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার এই মামলায় চৌধুরী মামুনসহ এ পর্যন্ত ৩৬ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। সাক্ষীরা তাদের জবানবন্দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ জুলাই-আগস্টে হত্যাযজ্ঞে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এই মামলায় তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ এনেছে প্রসিকিউশন।

আনুষ্ঠানিক অভিযোগের মোট আট হাজার ৭৪৭ পৃষ্ঠার মধ্যে তথ্যসূত্র রয়েছে দুই হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি রয়েছে চার হাজার পাঁচ পৃষ্ঠা এবং শহীদদের তালিকার বিবরণ রয়েছে দুই হাজার ৭২৪ পৃষ্ঠা। এই মামলায় মোট ৮১ জন সাক্ষী রয়েছেন। গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কাছে এই প্রতিবেদন জমা দিয়েছিল।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন