বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের মূল হোতা তানভির গ্রেফতার

চাঁদাবাজি ও হত্যাকাণ্ডের মূল হোতা তানভির গ্রেফতার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কলেজছাত্রকে হত্যা, চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্মে বাধা দেওয়ায় ১০ জনকে কুপিয়ে পঙ্গু করার অভিযোগে পলাতক থাকা সন্ত্রাসী তানভিরকে (২৩) গ্রেপ্তার করেছে গৌরীপুর থানা পুলিশ।

রবিবার দিবাগত গভীর রাতে ঢাকার দক্ষিণখান থানার আশকোনা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৭অক্টোবর) তাকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।

জানা গেছে, তানভির নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ধরুয়া গ্রামের উসমান খাঁর ছেলে।

এলাকায় সে একজন চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। চাঁদা দাবি ও জমি দখলে বাধা পেলেই সে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে হামলা চালাতো। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হয়ে বর্তমানে পঙ্গুত্ব বরণ করেছেন।

গত ২১ এপ্রিল গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের মুন্সিবাড়ি এলাকায় মারফত আলী ফকির (২২) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করে তানভির।

নিহত মারফত নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের কাশেম আলী ফকিরের ছেলে। ঘটনার পর তানভির নিজের ফেসবুকে লাইভে এসে হত্যার দায় স্বীকার করে আরো কয়েকজনকে হত্যার হুমকি দেয়। এরপর থেকেই সে পলাতক ছিল এবং মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে হুমকি দিত।

গোপন সূত্রে খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ দক্ষিণখান থানার সহায়তায় তানভিরকে আশকোনা থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে ময়মনসিংহে একটি ও নান্দাইলে ছয়টি—মোট সাতটি মামলা রয়েছে। সবকটিতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল, কিন্তু এতোদিন সে ধরা পড়েনি।

মারফত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা গৌরীপুর থানার উপপরিদর্শক মো. হানিফ উদ্দিন জানান, চার দিনের রিমান্ড চেয়ে তানভিরকে আদালতে পাঠানো হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন