বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

শীতের সকালের জন্য সেরা স্বাস্থ্যকর গরম পানীয়

শীতের সকালের জন্য সেরা স্বাস্থ্যকর গরম পানীয়
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঠান্ডা আর ঘুমের টান , শীতের সকাল মানেই অলসতা। এমন সময় ঘুম ভাঙিয়ে সকালের শুরু করতে সাহায্য করে এক কাপ গরম পানীয়। প্রাকৃতিক উপাদানে তৈরি এসব ড্রিঙ্ক শুধু শরীরকে গরম রাখে না, বরং বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা, উন্নত করে হজম, এবং সারাদিন আপনাকে সতেজ ও চাঙা রাখে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বিশেষজ্ঞরা এমন সাতটি কার্যকর উষ্ণ পানীয়ের কথা উল্লেখ করেছেন।এগুলো হলো: 

১. আদা-লেবুর চা

আদার অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণ শরীর গরম রাখে ও পেশির ব্যথা কমায়। লেবুর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। গরম পানিতে কয়েক টুকরো আদা ফেলে ফুটিয়ে নিন, এরপর আধা লেবু মিশিয়ে নিলেই তৈরি দারুণ এক সকালের চা।

২.গোল্ডেন মিল্ক

‘গোল্ডেন মিল্ক’ নামে পরিচিত এই পানীয়তে থাকে হলুদের কারকিউমিন, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এটি জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে এবং হৃদ্‌স্বাস্থ্যের জন্যও উপকারী। গরম দুধে এক চামচ হলুদ, সামান্য গোলমরিচ, আর চাইলে এক চামচ মধু মিশিয়ে নিলে শীতের জন্য আদর্শ পানীয় তৈরি।

৩. দারুচিনি-মধু পানি

দারুচিনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। গরম পানিতে দারুচিনি স্টিক বা আধা চা-চামচ দারুচিনি গুঁড়া দিয়ে হালকা ফুটিয়ে নিয়ে এক চামচ মধু মেশান। সকালে এটি মেটাবলিজম বাড়াতে দারুণ কার্যকর।

৪. ক্যামোমাইল-ল্যাভেন্ডার চা

শীতের সকালে মানসিক চাপ, অস্থিরতা ও ক্লান্তি কমাতে ক্যামোমাইল ও ল্যাভেন্ডার একসঙ্গে দুর্দান্ত কাজ করে। এটি হজমেও সহায়তা করে এবং মনকে শান্ত রাখে। কয়েক মিনিট গরম পানিতে দুটি হার্বস ভিজিয়ে রাখলেই তৈরি এই সুগন্ধী চা।

৫. লেবু-মধু পানি

প্রচলিত হলেও কার্যকারিতায় সবসময় সবার আগে থাকে লেবু-মধু পানি। লেবু হজম বাড়ায় ও লিভার ডিটক্স করে, আর মধু দেয় অ্যান্টিমাইক্রোবিয়াল সুরক্ষা। গরম পানিতে আধা লেবুর রস ও এক চা-চামচ মধু মিশিয়ে নিলেই হলো।

৬. পুদিনা-তুলসী ইনফিউশন

পুদিনা হজমে সাহায্য করে আর তুলসী কমায় মানসিক চাপ। দুইয়ের মিশ্রণে তৈরি ইনফিউশন সতেজ করে মন, কমায় সকালের ক্লান্তি এবং শীতের ঠান্ডায় শরীরকে রাখে আরামদায়ক। শুধু কয়েকটি তুলসী ও পুদিনা পাতা গরম পানিতে ভিজিয়ে রাখুন।

৭. অ্যাপল সাইডার ভিনেগার-মধু টনিক

যারা টক স্বাদের পানীয় পছন্দ করেন, তাদের জন্য এটি আদর্শ। অ্যাপল সাইডার ভিনেগার হজম উন্নত করে এবং শরীরের পিএইচ ব্যালেন্স বজায় রাখে। গরম পানিতে এক চামচ এসিভি ও এক চামচ মধু মিশিয়ে সকালে খেলে শরীর থাকে হালকা ও উদ্যমী।

শীতের সকালকে আর কষ্টকর নয়, বরং ভালো লাগায় ভরপুর করে তুলতে পারে এক কাপ গরম ও স্বাস্থ্যকর পানীয়। প্রাকৃতিক উপাদানে তৈরি এসব ড্রিঙ্ক শুধু উষ্ণতা দেয় না, বরং বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা, নিয়ন্ত্রণে রাখে হজম, আর দেয় সারাদিনের শক্তি। তাই শীতের দিনে সুস্থ থাকতে স্বাস্থ্যকর একটি পানীয় দিয়ে শুরু করতে পারেন।  


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন