রিয়েল-টাইম অনুবাদ এখন হেডফোনে, গুগলের উদ্ভাবনী ফিচার চালু

গুগল আনুষ্ঠানিকভাবে চালু করেছে ‘লাইভ ট্রান্সলেট’ ফিচার, যা অন্য ভাষায় বলা কথাকে সঙ্গে সঙ্গে আপনার পছন্দের ভাষায় হেডফোনে শোনার সুযোগ দেবে। নতুন এই প্রযুক্তি বক্তার কণ্ঠের টোন, উচ্চারণের জোর এবং কথার ছন্দও ধরে রাখবে, ফলে রিয়েল-টাইমে কথোপকথনের পুরো প্রেক্ষাপট সহজেই বোঝা যাবে।
টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (১২ ডিসেম্বর) গুগল এই সুবিধার ঘোষণা দেয়। নতুন ফিচারের সঙ্গে যুক্ত হয়েছে উন্নত জেমিনি এআই সক্ষমতা এবং বর্ধিত ভাষা শেখার টুল, যা অনুবাদকে আরও নির্ভুল ও স্বাভাবিক করে তুলবে।
লাইভ ট্রান্সলেট ব্যবহার করতে হলে ব্যবহারকারীকে শুধু গুগল ট্রান্সলেট অ্যাপ খুলে ‘লাইভ ট্রান্সলেট’ অপশনে ট্যাপ করতে হবে। এরপর কেউ অন্য ভাষায় কথা বললে, তা হেডফোনের মাধ্যমে সঙ্গে সঙ্গে আপনার নির্বাচিত ভাষায় অনুবাদ হয়ে শোনা যাবে। গুগলের দাবি, এই প্রযুক্তি যে কোনো সাধারণ হেডফোনকে এক-মুখী রিয়েল-টাইম অনুবাদ ডিভাইসে পরিণত করতে সক্ষম।
প্রাথমিকভাবে এই ফিচারটি যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং ভারতে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বিটা সংস্করণে চালু হচ্ছে। এটি ৭০টিরও বেশি ভাষা সমর্থন করবে এবং যেকোনো হেডফোনে কার্যকর হবে। গুগল জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে iOS ব্যবহারকারী এবং আরও কিছু দেশে সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
উন্নত জেমিনি এআই এর মাধ্যমে অনুবাদ আরও স্বাভাবিক, নির্ভুল ও প্রাসঙ্গিক হবে। এই আপডেটে বর্তমানে ইংরেজি, স্প্যানিশ, আরবি, চীনা, জাপানি, জার্মানসহ প্রায় ২০টি ভাষার অনুবাদ সুবিধা অন্তর্ভুক্ত রয়েছে। ব্যবহারকারীরা অ্যান্ড্রয়েড, আইওএস এবং ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যমে এটি ব্যবহার করতে পারবেন।
গুগল একই সঙ্গে ভাষা শেখার টুলস সম্প্রসারণ করেছে প্রায় ২০টি নতুন দেশে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যেমন জার্মানি, ভারত, সুইডেন, তাইওয়ান ইত্যাদির ভাষা অনুশীলন করতে পারবেন, তেমনই বাংলা, জার্মান, চীনা, ডাচ, হিন্দি, ইতালিয়ান, রোমানিয়ান ও সুইডিশ ভাষাভাষীরা ইংরেজি শেখার সুযোগ পাবেন।
ফিচারটি ব্যবহার করার সহজ পদ্ধতি:
-
হেডফোন সংযুক্ত করুন।
-
গুগল ট্রান্সলেট অ্যাপ খুলুন।
-
‘লাইভ ট্রান্সলেট’ অপশনে ট্যাপ করুন।
-
সামনে কেউ অন্য ভাষায় কথা বললে তা সঙ্গে সঙ্গে আপনার কানে আপনার নির্বাচিত ভাষায় শোনা যাবে।
এই ফিচারটি বিদেশে ভ্রমণ, বৈশ্বিক বৈঠক, আন্তর্জাতিক লেকচার বা সিনেমা-শো উপভোগের সময় বিশেষভাবে সহায়ক হবে।