বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পিতৃত্বের স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন

পিতৃত্বের স্বীকৃতি চেয়ে সংবাদ সম্মেলন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নীলফামারীতে সন্তানের পিতৃত্বের স্বীকৃতি ও ভরণপোষণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী নারী। আজ ১৫ ডিসেম্বর সোমবার দুপুরে শহরের মকবুল হোসেন সুপার মার্কেটের ‘নিউজ হোম’-এ আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী নারী সর্মা তুর্জ জাহান বলেন, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মৌলভী হাট এলাকার জাকারিয়া সরকারের ছেলে রায়হান সরকার জয়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের পরিচয় ছিল। পরিচয়ের সূত্র ধরে একপর্যায়ে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের আশ্বাস ও মানসিক চাপে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে দাবি করেন তিনি।

সর্মা তুর্জ জাহান বলেন, শারীরিক সম্পর্কের পর তিনি অসুস্থ হয়ে পড়লে জয়ের বাড়িতে আশ্রয় নেন। পরে গর্ভবতী হওয়ার বিষয়টি জানাজানি হলে জয়ের পরিবারের সদস্যরা তাঁকে বাড়ি থেকে বের করে দেন। এরপর বিষয়টি মীমাংসার জন্য আদালতের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর তাঁরা কিশোরগঞ্জে রবিউল নামের এক ব্যক্তির ভাড়া বাসায় বসবাস শুরু করেন।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, সংসার শুরুর কিছুদিন পরই জয় তাঁকে ছেড়ে অন্যত্র চলে যান। এ ঘটনায় তিনি কিশোরগঞ্জ থানায় অভিযোগ করলে পুলিশ জয়কে গ্রেপ্তার করে। এরই মধ্যে তাঁর কোলজুড়ে জন্ম নেয় একটি কন্যাসন্তান। ভুক্তভোগী নারীর অভিযোগ, সন্তান জন্মের পর জয় ও তাঁর পরিবার শিশুটিকে স্বীকার করতে অস্বীকৃতি জানাচ্ছেন। এতে তিনি চরম আর্থিক সংকটে পড়েছেন এবং একা হাতে সন্তানের ভরণপোষণ চালাতে হিমশিম খাচ্ছেন।

সংবাদ সম্মেলনে সর্মা তুর্জ জাহান সন্তানের পিতৃত্বের স্বীকৃতি, আইনগত অধিকার ও ভরণপোষণ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সচেতন মানুষের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন