কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে বাংলা: প্রথম এআইভিত্তিক প্ল্যাটফর্ম Kagoj.ai

প্রথমবারের মতো বাংলা ভাষার জন্য চালু করা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিভিত্তিক নতুন প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই (kagoj.ai)’। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’, যা দাপ্তরিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে।
গত সোমবার রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আয়োজনকৃত অনুষ্ঠানে এই দুটি প্রযুক্তির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীর্ষ হায়দার চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, “গত দুই সপ্তাহে প্রায় ৪,০০০ মানুষ এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছেন এবং ইতিবাচক ফলাফল পেয়েছেন। বাংলা ভাষাকে সবার জন্য উন্মুক্ত করতে এপিআইও উন্মুক্ত করা হবে। এছাড়াও, সাইবার সুরক্ষা নিশ্চিত করে সোর্স কোডও খোলা থাকবে।”
তিনি আরও বলেন, “‘কাগজ ডট এআই’ বাংলা ভাষাভিত্তিক লেখালেখি, দাপ্তরিক নথি তৈরি, ভাষা প্রক্রিয়াকরণ ও কনটেন্ট তৈরিতে এআই ব্যবহার নিশ্চিত করবে। স্থানীয় সাংস্কৃতিক ধারাকে অক্ষুণ্ণ রাখতে অচিরেই প্রতিটি নৃগোষ্ঠীর ভাষার ১০,০০০ ওরাল মিনিট সংগ্রহ করা হবে এবং তৈরি করা হবে বাংলা এলএমএল (Language Model)। এটি ডিজিটাল স্পেসে ভাষাগুলোকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে।”
অনুষ্ঠানে জানানো হয়, ‘কাগজ ডট এআই’ বাংলা ভাষায় দাপ্তরিক নথি প্রস্তুতি, ভাষা প্রক্রিয়াকরণ এবং কনটেন্ট তৈরিতে এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।
একই সঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন বাংলা ফন্ট ‘জুলাই’, যা কম্পিউটারনির্ভর বাংলা লেখায় দীর্ঘদিন ধরে থাকা প্রযুক্তিগত সীমাবদ্ধতা দূর করতে সহায়ক। ফয়েজ আহমেদ তৈয়্যব বলেন, “‘জুলাই’ ফন্টের মাধ্যমে বাংলা অনলাইনে লেখার ক্ষেত্রে বিদ্যমান ত্রুটি কমানো সম্ভব হবে। নতুন ফন্টে যুক্তাক্ষরকেন্দ্রিক সমস্যাগুলো নেই, যা দাপ্তরিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ।”