দেশের উত্তাল পরিস্থিতি, বিপিএলের সময়সূচি নিশ্চিত করেছে বিসিবি

জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে দেশের রাজনীতি আবারও উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন স্থানে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটার কারণে বিপিএলের ১২তম আসরের নির্ধারিত সময়সূচি অনুযায়ী মাঠে অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
তবে নির্ধারিত সময়েই বিপিএলে মাঠে গড়াবে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি সাখাওয়াত হোসেন। সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, বিপিএল নিয়ে এই মুহূর্তে কোনো সন্দেহ নেই। ২৬ ডিসেম্বর থেকে আসর শুরু হবে ইনশাআল্লাহ। যদিও এবার উদ্বোধনী অনুষ্ঠান হবে না। আমরা (সরকারি) এজেন্সির সঙ্গে আলোচনা চালু রেখেছি, তারা জানিয়েছে কোনো সমস্যা নেই। মাঠসহ টুর্নামেন্ট আয়োজনে সবকিছু প্রস্তুত আছে।
একই কথা জানিয়েছেন ঢাকা ক্যাপিটাল ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী আতিক ফাহাদ। তিনি বলেন, ‘টুর্নামেন্ট স্থগিত হওয়া নিয়ে এখন পর্যন্ত আমাদের কোনো শঙ্কা নেই। আমরা আত্মবিশ্বাসী, যদিও কিছু ব্যবস্থাপনা-সম্পর্কিত বিষয়ে দ্বিধা থাকতে পারে। ২১ তারিখ থেকে আমাদের অনুশীলন শুরু হবে। বিদেশিদের টিকিট থেকে মাঠের সরঞ্জাম, আমাদের পক্ষ থেকে সবকিছু প্রস্তুত।
প্রসঙ্গত, আগামী ২৬ ডিসেম্বর সিলেটে বিপিএলের দ্বাদশ আসর শুরু হবে। উদ্বোধনী দিনে মাঠে গড়াবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে দুপুর ২টায় স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। এরপর সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস।
দৈএনকে/জে, আ