শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফেসবুকে সীমিত লিংক পোস্টের জন্য ভেরিফায়েড সাবস্ক্রিপশন শুরু

    ফেসবুকে সীমিত লিংক পোস্টের জন্য ভেরিফায়েড সাবস্ক্রিপশন শুরু
    ছবি- সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেটা ফেসবুকে লিংক শেয়ারিংয়ে নতুন ধরনের পরীক্ষামূলক সীমাবদ্ধতা চালু করেছে। এই পরীক্ষার আওতায় নির্দিষ্ট কিছু বিনামূল্যের ব্যবহারকারী মাসে সীমিত সংখ্যক লিংক-সহ পোস্ট করতে পারবেন। নির্ধারিত সীমা অতিক্রম করলে তাদেরকে ‘মেটা ভেরিফায়েড’ সাবস্ক্রিপশন নেওয়ার পরামর্শ দেওয়া হবে।

    নতুন ব্যবস্থা সামাজিক যোগাযোগে লিঙ্ক শেয়ারের পরিমাণ নিয়ন্ত্রণ এবং মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের মাধ্যমে বেশি ফিচারের সুবিধা প্রদানের লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। এই পদক্ষেপ ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল ও নিরাপদ শেয়ারিং নিশ্চিত করবে।

    এই সাবস্ক্রিপশনের মাসিক মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ দশমিক ৯৯ মার্কিন ডলার।

    সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা প্রথম এই পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, কয়েকজন ব্যবহারকারী টানা এক সপ্তাহ লিংক পোস্ট করতে না পারার অভিযোগ জানানোর পর তিনি বিষয়টি খতিয়ে দেখেন। পরে স্ক্রিনশটসহ তিনি জানান, ফেসবুক কিছু ব্যবহারকারীর কাছে নোটিফিকেশন পাঠিয়ে জানাচ্ছে ১৬ ডিসেম্বর থেকে মেটা ভেরিফায়েড নয়, এমন প্রোফাইল মাসে সর্বোচ্চ দুটি অর্গানিক পোস্টে লিংক যুক্ত করতে পারবে।

    তবে এই সীমাবদ্ধতা সব ধরনের লিংকের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিনা মূল্যের অ্যাকাউন্ট থেকেও মন্তব্যে লিংক দেওয়া যাবে। একই সঙ্গে অ্যাফিলিয়েট লিংক ব্যবহারেও কোনো বাধা থাকছে না। এছাড়া ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও থ্রেডসের মধ্যে নিজেদের পোস্টের লিংক শেয়ার আগের মতোই করা যাবে।

    থ্রেডসে দেওয়া এক পোস্টে ম্যাট নাভারা জানান, মেটার পক্ষ থেকে তাকে বলা হয়েছে—এটি একটি সীমিত পরিসরের পরীক্ষা। এর মাধ্যমে যাচাই করা হচ্ছে, বেশি লিংক সংবলিত পোস্ট করার সুযোগ মেটা ভেরিফায়েড গ্রাহকদের জন্য বাড়তি মূল্য তৈরি করে কি না।

    মেটার পাঠানো বার্তায় উল্লেখ করা হয়েছে, নির্ধারিত সীমার বাইরে লিংক শেয়ার করতে চাইলে মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশন নিতে হবে। এই প্যাকেজের আওতায় ব্যবহারকারীরা ভেরিফায়েড ব্যাজ, উন্নত অ্যাকাউন্ট সুরক্ষা এবং পরিচয় সুরক্ষার মতো অতিরিক্ত সুবিধা পাবেন।

    মেটা আরও জানিয়েছে, আপাতত সংবাদমাধ্যম বা প্রকাশকদের অ্যাকাউন্টকে এই পরীক্ষার আওতায় আনা হয়নি। একই সঙ্গে পোস্টে লিংকের সীমা থাকলেও মন্তব্যে লিংক শেয়ার করা যাবে বাধাহীনভাবে।

    টেকক্রাঞ্চকে দেওয়া এক বিবৃতিতে মেটার এক মুখপাত্র বলেন, এটি একটি পরীক্ষামূলক উদ্যোগ। এর লক্ষ্য হচ্ছে লিংক সংবলিত পোস্টের অতিরিক্ত সুবিধা সাবস্ক্রিপশন গ্রাহকদের জন্য কতটা কার্যকর তা যাচাই করা।

    বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে কনটেন্ট নির্মাতা ও ব্র্যান্ডগুলোর ওপর। অনেকেই ফেসবুককে ব্যবহার করেন নিজেদের ব্লগ, ভিডিও বা অন্যান্য প্ল্যাটফর্মের কনটেন্টে দর্শক টানার প্রধান মাধ্যম হিসেবে। নতুন এই সীমাবদ্ধতা তাদের পৌঁছানোর পরিসর সংকুচিত করতে পারে।

    মেটার তৃতীয় প্রান্তিকের প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে ফেসবুকের মোট ভিউয়ের ৯৮ শতাংশের বেশি এসেছে লিংকবিহীন পোস্ট থেকে। লিংক সংবলিত পোস্টে ভিউয়ের হার মাত্র ১ দশমিক ৯ শতাংশ। এসব ভিউয়ের বড় অংশই এসেছে পেজ অনুসারীদের কাছ থেকে; বন্ধু বা গ্রুপভিত্তিক ভিউ তুলনামূলকভাবে কম।

    সবচেয়ে বেশি শেয়ার হওয়া লিংক ডোমেইনের তালিকায় রয়েছে ইউটিউব, টিকটক ও গোফান্ডমি। ফলে নতুন এই সীমা কার্যকর হলে ফেসবুকের বাইরের প্ল্যাটফর্মে কনটেন্ট ছড়িয়ে দেওয়া সাধারণ ব্যবহারকারীদের জন্য আরও কঠিন হয়ে উঠতে পারে।

    বিশ্লেষকদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সার্চ ও স্বয়ংক্রিয় কনটেন্ট সারসংক্ষেপের বিস্তার ইতোমধ্যে লিংকভিত্তিক ওয়েবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। এক্স (সাবেক টুইটার) এর মতো প্ল্যাটফর্মেও ব্যবহারকারীদের প্ল্যাটফর্মের ভেতরে ধরে রাখতে লিংক পোস্টের বিস্তার কমানোর প্রবণতা দেখা যাচ্ছে। ফেসবুকের এই নতুন পরীক্ষা সেই ধারারই আরেকটি ইঙ্গিত বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন