যুক্তরাষ্ট্রে টিকটকের ভবিষ্যৎ নির্ধারণে চূড়ান্ত চুক্তি

চার বছর ধরে যুক্তরাষ্ট্রে টিকটক বিতর্কের কেন্দ্রে ছিল। ডেটা নিরাপত্তা ও চীনা মালিকানার কারণে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। অবশেষে সেই অনিশ্চয়তার ইতি ঘটতে যাচ্ছে।
চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রমের একটি বড় অংশ হস্তান্তরের জন্য সম্মত হয়েছে। গত সপ্তাহে এ সংক্রান্ত চুক্তিতে সই করা হয়েছে।
এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা আপাতত বন্ধ হলো এবং দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হলো। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে টিকটকের সব কার্যক্রম পরিচালনার জন্য নতুন একটি প্রতিষ্ঠান গঠিত হচ্ছে, যার নাম TikTok USDS Joint Venture LLC।
বিনিয়োগকারী দলে রয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল, প্রাইভেট ইক্যুইটি ফার্ম সিলভার লেক এবং বিনিয়োগ প্রতিষ্ঠান এমজিএক্স। এই তিন প্রতিষ্ঠানের হাতে মোট ৪৫ শতাংশ মালিকানা থাকবে। বাইটড্যান্স রাখবে প্রায় ২০ শতাংশ শেয়ার, বাকি অংশ থাকবে অন্যান্য অংশীদারদের হাতে।
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, টিকটকের মার্কিন বাজারমূল্য প্রায় ১৪ বিলিয়ন ডলার। নতুন যৌথ প্রতিষ্ঠান অ্যাপটির দৈনন্দিন কার্যক্রম তদারকি করবে, যার মধ্যে থাকবে ব্যবহারকারীর তথ্য সুরক্ষা, অ্যালগরিদম নিরাপত্তা, কনটেন্ট নিয়ন্ত্রণ ও সফটওয়্যার যাচাই।
নিরাপত্তা অংশীদার হিসেবে ওরাকল নিয়মিত অডিট ও জাতীয় নিরাপত্তা শর্তাবলী পূরণের বিষয় নিশ্চিত করবে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জন্য আলাদা একটি অ্যালগরিদম তৈরি করা হবে, যা বাইটড্যান্স দ্বারা প্রভাবিত হবে না। মার্কিন ব্যবহারকারীদের ডেটায় বাইটড্যান্স প্রবেশ করতে পারবে না।
বাইটড্যান্স জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের আইন মেনে চলবে এবং ব্যবহারকারীদের জন্য টিকটক চালু রাখবে। চুক্তি কার্যকর হওয়ার সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ২২ জানুয়ারি ২০২৬। এই সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হবে।
ব্লুমবার্গ জানিয়েছে, চুক্তি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে বর্তমান টিকটক অ্যাপ বন্ধ হতে পারে এবং ব্যবহারকারীদের নতুন প্ল্যাটফর্মে স্থানান্তরিত হতে হতে পারে। নতুন অ্যাপের ফিচার এবং ব্যবহারিক দিক এখনও বিস্তারিত জানানো হয়নি। বিশেষজ্ঞদের মতে, এটি প্রযুক্তি খাতে বড় দৃষ্টান্ত স্থাপন করবে এবং যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের জটিলতা তুলে ধরবে।