রাউটার সংযোগ দুর্বল? কারণগুলো দেখে নিন

বর্তমান সময়ে ইন্টারনেট সবার জন্য অপরিহার্য একটি পরিষেবা। কাজের সময় দ্রুত গতির ইন্টারনেট নিশ্চিত করতে বাড়ি বা অফিসে ওয়াইফাই রাউটার থাকাটা স্বাভাবিক। কিন্তু অনেক ব্যবহারকারী সন্তোষজনক গতি না পাওয়ায় এবং মাঝে মাঝে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার সমস্যায় ভুগছেন।
ডেস্কটপ পিসি, ল্যাপটপ, স্মার্টফোন বা অন্যান্য গ্যাজেটস ব্যবহার করার সময় বারবার রাউটারের সঙ্গে ডিসকানেক্ট হয়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা। অনলাইনে কাজ করা হোক বা ইউটিউবে ভিডিও দেখা, এই ধরনের সংযোগ বিঘ্ন কার্যক্রমকে ব্যাহত করে।
বর্তমান ডিজিটাল যুগে বিনোদন থেকে শুরু করে শিক্ষা ও অফিসের সকল কাজই ইন্টারনেটের উপর নির্ভরশীল। তাই বাড়িতে বা অফিসে হাইস্পিড ইন্টারনেটের জন্য অনেকেই রাউটার কিনে থাকলেও, সঠিকভাবে ব্যবহার না জানায় তারা সমস্যার মুখে পড়েন।
বিশেষজ্ঞরা বলেন, রাউটারের ঠিকভাবে অবস্থান, ফ্রিকোয়েন্সি নির্বাচন, ডিভাইস সংযোগ সংখ্যা ও সফটওয়্যার আপডেট নিশ্চিত করলে ইন্টারনেটের গতি ও স্থায়ীত্ব অনেকাংশে উন্নত করা সম্ভব। সঠিক ব্যবহারের মাধ্যমে হাইস্পিড ইন্টারনেট অভিজ্ঞতা পাওয়া সহজ এবং ঝামেলা কমানো যায়।
সংযোগ না এলে কী করবেন
রাউটারের এমন সমস্যা সমাধান হবে কীভাবে, তা জানতে কিছু পরামর্শ মেনে চলতে পারেন।
মূলত রাউটারের অ্য়ান্টেনার কারণে এমন সমস্যার উদ্ভব হয়ে থাকতে পারে। এ ক্ষেত্রে সবার প্রথমে প্রতিদিন নিয়ম করে দশ মিনিট রাউটার বন্ধ রাখার পরামর্শ দেন গবেষকরা। এতে সমস্যার নিরসন না হলে স্থানীয় কোনো সার্ভিসের দোকান থেকে রাউটারের অ্য়ান্টেনা বদলে নিতে হবে।
রাউটারের খুব কাছে ব্লুটুথ ডিভাইস রাখতে নেই। যদি থাকে, তাহলে সরিয়ে নিতে হবে। প্রয়োজনে রাউটার রাখার স্থান বদল করতে পারেন। তাহলে সংযোগের দুর্বলতা অনেকাংশে কমবে।
দ্রুতগতি যেভাবে পাবেন
সাধারণত যে ঘরে কাজ করছেন, ঠিক সেই ঘরেই রাউটার রাখা প্রয়োজন। দ্রুতগতি নিশ্চিতে যতটুকু সম্ভব উঁচু জায়গায় রাউটার বসাতে হবে। অন্যথায় দেয়ালে ঝুলিয়ে রাখতে হবে রাউটার।
যন্ত্রটি কোনোভাবে যেন বাঁকা না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া রাউটারের সবকটি অ্যান্টেনা চারপাশে ঘুরিয়ে দিতে হবে। এর ফলে ঘরের অন্যসব জায়গা ও ঘরে রেডিও সিগন্যাল ঠিকঠাক পৌঁছে যাবে।
এসব পরামর্শ মেনে চললে গতি ও সংযোগ সমস্যায় তাৎক্ষণিক সমাধান মিলবে। এসবের পরেও সমস্যা থাকলে রাউটারটি একবার রিসেট করে নিতে হবে। ইন্টারন্যাল বা সার্কিটে কোনো সমস্যা থাকলে এতে তার সমাধান হয়ে যাবে।