বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ভোরে সিলেটজুড়ে ভূকম্পন, আতঙ্কে মানুষ ঘর ছেড়ে বাইরে

ভোরে সিলেটজুড়ে ভূকম্পন, আতঙ্কে মানুষ ঘর ছেড়ে বাইরে
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সিলেট নগরী ও আশপাশের এলাকায় ভোররাতে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর প্রায় ৪টা ৪৭ মিনিটে কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।

নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড় ও শাহপরান থানাসহ দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ভূকম্পন অনুভূত হওয়ার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তবে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের সময় ঘরে থাকা অনেক মানুষ ঘুম ভেঙে আতঙ্কে বাইরে বের হয়ে আসেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হালকা দুলুনির মতো অনুভূতি হয়েছিল এবং কিছু ঘরের জানালা ও সিলিং ফ্যান কেঁপে ওঠে।

ভূকম্পনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ফেসবুকে অনেকেই পোস্ট দিয়ে জানান, তারা ভোরে হঠাৎ ঘর দুলে উঠতে অনুভব করেছেন। কেউ কেউ লেখেন, ঘুম ভেঙে গিয়েছিল এবং প্রথমে বুঝতে পারেননি কী ঘটছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের বিষয়ে আনুষ্ঠানিক তথ্য জানায়নি। তবে বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৪। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও এলাকায় এবং ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৩৫ কিলোমিটার।

উল্লেখ্য, ভূতাত্ত্বিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত। এর আগেও বিভিন্ন সময়ে এখানে মৃদু ও মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন