গুগল আনছে জি-মেইল ইউজারনেম পরিবর্তনের নতুন সুবিধা

নতুন বছরকে সামনে রেখে গুগল জি-মেইল ব্যবহারকারীদের জন্য আনছে এক বিশেষ সুবিধা, যা আগে কখনো দেখা যায়নি। এখন পর্যন্ত জি-মেইল অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে ইউজারনেম পরিবর্তন করা যেত না। নতুন নাম চাইলে ব্যবহারকারীদের নতুন ই-মেইল অ্যাকাউন্ট খুলতে হতো। তবে এবার গুগল সেই নিয়মে বড় পরিবর্তন করতে চলেছে।
নতুন ফিচার চালু হলে, ব্যবহারকারীরা গুগল অ্যাকাউন্ট সেটিংসে গিয়ে @gmail.com-এর আগে থাকা অংশটি পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ, আপনার পুরনো ই-মেইল ঠিকানার নাম পরিবর্তন করলেও, আগের ঠিকানাতেও পাঠানো মেইল একই ইনবক্সে আসবে। ফলে নতুন ঠিকানা সবাইকে জানাতে হবে না এবং অফিস বা গুরুত্বপূর্ণ কাজে আগের ঠিকানাও ঠিকভাবে কার্যকর থাকবে।
উদাহরণ হিসেবে ধরুন, আপনার পুরনো ই-মেইল ছিল jagonews24@gmail.com। আপনি সেটি পরিবর্তন করে jagonews24online@gmail.com বানালেন। নতুন ফিচার অনুযায়ী, দুই ঠিকানাতেই পাঠানো মেইল একই ইনবক্সে পৌঁছাবে। এটি জি-মেইলে আগে কখনো সম্ভব ছিল না।
তবে এই সুবিধা সীমিত: ব্যবহারকারীরা বছরে একবার এবং পুরো অ্যাকাউন্টের মেয়াদে সর্বোচ্চ তিনবারই ই-মেইল আইডি পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ, কোনো পরিবর্তন করার আগে ভালোভাবে চিন্তা করতে হবে। এই নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য জি-মেইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সহজ এবং সুবিধাজনক করে তুলবে বলে মনে করা হচ্ছে।