প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ২৮ জানুয়ারি উদ্বোধন করবেন ICT এক্সপো

আগামী ২৮ জানুয়ারি শুরু হচ্ছে দেশের অন্যতম বৃহত্তম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। মূলত ২৯ জানুয়ারি আয়োজনের কথা থাকলেও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্বোধন নিশ্চিত হওয়ায় এক্সপোর সূচি এক দিন এগিয়ে আনা হয়েছে। তিন দিনব্যাপী এই প্রদর্শনী বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি) থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে।
এই প্রদর্শনীর আয়োজন যৌথভাবে করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ড. মুহাম্মদ ইউনূস, আর বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
মেলার লক্ষ্য বাংলাদেশের প্রযুক্তিনির্ভর শিল্পায়ন, উদ্ভাবন, দেশীয় প্রযুক্তি উৎপাদন সক্ষমতা এবং বৈশ্বিক বাজারে দেশের অবস্থান তুলে ধরা। এক্সপোতে দেশি ও আন্তর্জাতিক বিনিয়োগকারী, প্রযুক্তি উদ্যোক্তা, উদ্ভাবক এবং তরুণ প্রজন্ম মিলিত হয়ে জ্ঞান বিনিময়, নেটওয়ার্কিং ও অংশীদারিত্ব আরও জোরদার করবেন।
প্রদর্শনীর থিম ‘বাংলাদেশ টু দ্য ওয়ার্ল্ড’ প্রতিপাদ্যকে সামনে রেখে এতে শতাধিক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি-বেসরকারি সংস্থা অংশ নেবে। ১৩০টি প্যাভিলিয়ন ও স্টলে নতুন প্রযুক্তি পণ্য, উদ্ভাবনী সেবা, জীবনধারা ও ডিজিটাল ধারণাগুলো প্রদর্শিত হবে। ২০১৫ সাল থেকে এই প্রদর্শনীতে দেশি ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণ অব্যাহত আছে।