ওপেনএআই চালু করলো ‘চ্যাটজিপিটি ট্রান্সলেট’

টেক জগতে নতুন বিপ্লব ঘটিয়ে ওপেনএআই সম্প্রতি চালু করেছে ‘চ্যাটজিপিটি ট্রান্সলেট’ নামের নতুন অনুবাদ টুল। এটি ব্যবহারকারীদের একই লেখাকে একাধিক ভঙ্গিতে এবং ৫০টিরও বেশি ভাষায় অনুবাদ করার সুবিধা দেবে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা গেছে, যদিও এর কাজের ধরণ গুগল ট্রান্সলেটরের মতোই, তবে কার্যকারিতায় এটি ভিন্ন। নতুন এই টুলটি শুধু ভাষা পরিবর্তনই করে না, বরং বার্তার উদ্দেশ্য এবং পাঠকের ধরন অনুযায়ী অনুবাদকে আরও প্রাসঙ্গিক ও ব্যবহারযোগ্য করে তোলে।
চ্যাটজিপিটির ওয়েব সংস্করণে প্রাথমিকভাবে চালু এই টুলটির মাধ্যমে ব্যবহারকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী একই লেখাকে ব্যবসায়িক ও আনুষ্ঠানিক ভঙ্গিতে, শিশুদের উপযোগী ভাষায় কিংবা শিক্ষামূলক উদ্দেশ্যে অনুবাদ করতে পারবেন। এই সুবিধা গুগল ট্রান্সলেট প্ল্যাটফর্মে এখনো পাওয়া যায় না।
বর্তমানে টুলটি লিখিত টেক্সট অনুবাদের জন্যই সীমাবদ্ধ রয়েছে। ছবি, ডকুমেন্ট, হাতের লেখা বা ওয়েবসাইট থেকে সরাসরি অনুবাদের সুবিধা এখনো অন্তর্ভুক্ত হয়নি।
এছাড়া, ওপেনএআই একটি নতুন ‘ফরম্যাটিং ব্লকস’ নামের পরিষেবাও চালু করেছে। এটি চ্যাটজিপিটির রিচ টেক্সট অংশে একটি ছোট এডিটর টুলবার হিসেবে কাজ করবে, যা ই-মেইল বা লেখার খসড়ায় লেখার কোনও অংশ সিলেক্ট করলে দ্রুত সম্পাদনার সুযোগ দেবে।
এই নতুন টুলগুলোর মাধ্যমে ওপেনএআই অনুবাদের ক্ষেত্রে আরও ব্যবহারবান্ধব এবং কাস্টমাইজড অভিজ্ঞতা দিতে সচেষ্ট, যা ভবিষ্যতে ভাষা ব্যবস্থাপনাকে এক নতুন মাত্রা দিতে পারে।