বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মুস্তাফিজ ইস্যুতে বিশ্বকাপ সূচি বদলের প্রশ্নই ওঠে না: আইসিসি

মুস্তাফিজ ইস্যুতে বিশ্বকাপ সূচি বদলের প্রশ্নই ওঠে না: আইসিসি
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয় বড় ধরনের অনিশ্চয়তা। বিষয়টি রাজনৈতিক ও কূটনৈতিক মাত্রা পাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং সেখানে দল পাঠাতে অস্বীকৃতি জানায়।

বিসিবির পক্ষ থেকে দাবি করা হয়, বর্তমান আঞ্চলিক পরিস্থিতিতে ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ কারণে তারা বিশ্বকাপের ম্যাচগুলো অন্য ভেন্যুতে আয়োজনের অনুরোধ জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি)।

তবে আইসিসি বিষয়টি খতিয়ে দেখে ভিন্ন সিদ্ধান্তে পৌঁছেছে। সংস্থাটির নিরাপত্তা মূল্যায়নে ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ দলের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি পাওয়া যায়নি। আইসিসি স্পষ্ট করে জানায়, মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়ার ঘটনা একটি বিচ্ছিন্ন সিদ্ধান্ত, যার সঙ্গে জাতীয় দলের নিরাপত্তা বা বিশ্বকাপ আয়োজনের কোনো সম্পর্ক নেই।

আইসিসির মতে, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ আয়োজনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে। ফলে শুধুমাত্র একটি ফ্র্যাঞ্চাইজি লিগের ঘটনায় আন্তর্জাতিক টুর্নামেন্টের সূচি পরিবর্তনের কোনো যৌক্তিকতা নেই।

এ অবস্থায় বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব, যেখানে বিসিবি ও আইসিসির অবস্থান এখনো মুখোমুখি।

সম্প্রতি, আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে দল পাওয়া মুস্তাফিজকে বাদ দেয়ার কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে অপ্রকাশিত কারণ হিসেবে উঠে এসেছে ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরোধিতা। তারা মুস্তাফিজকে আইপিএলে মাঠে নামালে সহিংসতার হুমকি দিয়েছিল। সেজন্যই তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। 

সুনির্দিষ্ট কারণ ছাড়াই মুস্তাফিজকে বাদ দেয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে দেশে আইপিএল সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। এরপর তাদের সুরে সুর মিলিয়ে ভারতে না পাঠানোর ঘোষণা দেয় বিসিবিও। যেখানে বাংলাদেশের একজন খেলোয়াড়ের নিরাপত্তা দিতে ভারত সরকার অপারগ, সেখানে বাংলাদেশের পুরো দল, অফিসিয়াল, দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা কীভাবে দেওয়া হবে- সেই শঙ্কা প্রকাশ করে তারা। 

এই নিয়ে আইসিসির বরাবর কয়েক দফা চিঠিও দেয় বিসিবি। যেখানে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানো হয়। যা নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা মিটিংও হয়। তবে মুস্তাফিজের ঘটনার সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কার যোগসূত্র খুঁজে পায়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। অংশগ্রহণকারী ২০ দলের কেউই ভারতে নিরাপত্তা ঝুঁকিতে নেই বলে বিবৃতি দিয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) এক ভিডিও কনফারেন্সে বাংলাদেশসহ ১৬টি পূর্ণ সদস্য দেশের পরিচালকদের সঙ্গে সভা করে আইসিসি।সভায় বাংলাদেশকে আরও ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে তাদের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে। এমন অবস্থায় আইসিসি সিদ্ধান্ত নিয়েছে- হয় বাংলাদেশকে ভারতেই খেলতে হবে নয়তো স্কটল্যান্ড পরবর্তী সর্বোচ্চ র‌্যাংকিংধারী হিসেবে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

আইসিসি এক বিবৃতি দিয়ে জানিয়েছে, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই। তারা বলেছে, ‘গত কয়েক সপ্তাহ ধরে আইসিসি বিসিবির সঙ্গে নিরবচ্ছিন্ন ও গঠনমূলক আলোচনা চালিয়েছে, যার একমাত্র উদ্দেশ্য ছিল টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করা। এই সময়ে আইসিসি স্বতন্ত্র নিরাপত্তা মূল্যায়ন, ভেন্যুভিত্তিক ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা ও আয়োজক কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিক নিশ্চয়তা নিয়ে বিস্তারিত তথ্য প্রদান করেছে- যার সবকটি থেকে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেছে যে, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা বা সুরক্ষার বিষয়ে কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য হুমকি নেই।’

মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনা প্রসঙ্গে তারা বলেছে, ‘এই প্রচেষ্টা সত্ত্বেও, বিসিবি তার অবস্থানে অনড় ছিল এবং বারবার টুর্নামেন্টে তাদের অংশগ্রহণকে একটি একক, বিচ্ছিন্ন ও সম্পর্কহীন ঘটনার সঙ্গে যুক্ত করে, যা তাদের একজন খেলোয়াড়ের একটি ঘরোয়া লিগে অংশগ্রহণ সংক্রান্ত। এই সংশ্লিষ্টতার সাথে টুর্নামেন্টের নিরাপত্তা কাঠামো বা আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের শর্তাবলির কোনো সম্পর্ক নেই।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন