বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বিশ্বকাপ ইস্যুতে আইসিসি–বিসিবি বৈঠকে হট্টগোল

বিশ্বকাপ ইস্যুতে আইসিসি–বিসিবি বৈঠকে হট্টগোল
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে অনড় অবস্থানে থাকার কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ দল। নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে ভারতে যেতে অস্বীকৃতি জানানোয় এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বাংলাদেশের এই অবস্থানের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়, নির্ধারিত সময়সূচি ও টুর্নামেন্টের স্বার্থ রক্ষায় দ্রুত এই পরিবর্তন আনা হয়েছে।

বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবরে দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

উগ্রপন্থিদের চাপে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে প্রথমে আইসিসির কাছে তাদের অবস্থান জানায়। বিসিবির পক্ষ থেকে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে দল ভারতে সফর করতে রাজি নয়। এ কারণে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেয়ার প্রস্তাব দেয় তারা।

তবে আইসিসি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশকে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। নির্ধারিত সময়ের মধ্যেও নিজেদের অবস্থান থেকে নড়েনি বাংলাদেশ। এর পর প্রায় তিন সপ্তাহের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয় আইসিসি এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে সুযোগ দেয়।

ক্রিকবাজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সময়সীমা ঘোষণার পরও আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত বিসিবি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। প্রতিবেদনে আরও বলা হয়, এক ভিডিও কনফারেন্স বৈঠকে উত্তেজনা চরমে ওঠে এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম আইসিসির যুক্তি মানতে অস্বীকৃতি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বিশ্বকাপে বাংলাদেশের চারটি ম্যাচ খেলার কথা ছিল কলকাতা ও মুম্বাইয়ে। গ্রুপ ‘সি’-তে ইংল্যান্ড, ইতালি, নেপাল ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রাখা হয়েছিল বাংলাদেশকে। এখন সেই জায়গায় খেলবে স্কটল্যান্ড, যারা বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ের কারণে সুযোগ পেয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন