বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

পবিত্র রমজান উপলক্ষে মাহমুদউল্লাহ-রিশাদদের শুভেচ্ছা বার্তা

পবিত্র রমজান উপলক্ষে মাহমুদউল্লাহ-রিশাদদের শুভেচ্ছা বার্তা
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, আজ বুধবার দিবাগত শেষরাত থেকে সারা দেশের ধর্মপ্রাণ মুসলমানরা সিয়াম সাধনা শুরু করবেন।

চাঁদ দেখার খবর নিশ্চিত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় মুসল্লিদের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। পবিত্র রমজান মাসকে ঘিরে ইতোমধ্যে মসজিদ, বাসাবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রমজান মাস ইসলাম ধর্মাবলম্বীদের জন্য আত্মসংযম, ত্যাগ ও তাকওয়া অর্জনের এক বিশেষ সময়। এই মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও যাবতীয় অপকর্ম থেকে বিরত থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেন মুসল্লিরা।

এদিকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, রমজান উপলক্ষে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচিও পালন করা হবে। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বছরের একটি মাসে দেশের মুসলমানরা সিয়াম সাধনা করে থাকেন। আর সেই রমজান মাস শুরুর প্রাক্কালে রমজান মোবারকবাদ জানালেন দেশের ক্রিকেটাররাও।

সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার ব্যক্তিগত ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, 'পবিত্র মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক শান্তি, রহমত, ক্ষমা ও অসীম বরকত। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া রইল।'

জাতীয় দলের লেগ স্পিনার রিশাদ হোসেন লিখেছেন, 'রমাদান মুবারাক। আল্লাহ এই পবিত্র মাসে সবার রোজা, নামাজ, দোয়া ও সব নেক আমল কবুল করুন। সবার পরিবারে শান্তি, রহমত ও বরকত নাজিল হোক।'

পেসার শরিফুল ইসলাম লিখেছেন, 'রমজান মানে আত্মশুদ্ধি, ধৈর্য আর আল্লাহর কাছে আরও কাছে যাওয়ার সুযোগ। সবার রোজা কবুল হোক। রমজান মোবারক।'


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন