বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বাংলাদেশ নারী দলের সামনে আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের চ্যালেঞ্জ

বাংলাদেশ নারী দলের সামনে আজকের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের চ্যালেঞ্জ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আজ বাংলাদেশ সময় বিকেল ৩টায় ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশের নারী ফুটবল দল। পর্থে আফিদা খন্দকারদের নেতৃত্বে বাংলাদেশের মেয়েরা মুখোমুখি হবে উজবেকিস্তানের সঙ্গে। ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে চীনের বিপক্ষে ২-০ এবং উত্তর কোরিয়ার সঙ্গে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। টানা দুই পরাজয়ের পর লাল-সবুজের স্বপ্ন এখন সুতোয় ঝুলছে। তিন গ্রুপের সেরা তৃতীয় হওয়া দুই দল পাবে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ, আপাতত সেই সুযোগের সন্ধানে বাংলাদেশ।

উজবেকিস্তান ম্যাচ যে বাংলাদেশের জন্য মোটেও সহজ হবে না সেটি বলা-ই যায়। ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে উজবেকিস্তান এগিয়ে ৬৩ ধাপ। র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ যখন ১১২তম দেশ সেখানে উজবেকিস্তান আছে এই তালিকার ৪৯-এ। 

বাংলাদেশের সামনে এখন সমীকরণ কী?


নারী এশিয়া কাপে ১২ দল অংশগ্রহণ করছে। তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা সেরা দুই দলও কোয়ার্টার ফাইনাল খেলবে। বাংলাদেশের লক্ষ্য সেরা দুই তৃতীয় স্থানে জায়গা করে নেওয়া। এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশকে উজবেকিস্তানকে শুধু হারালেই হবে না গোল ব্যবধান বাড়াতে হবে। 

বাংলাদেশ ও উজবেকিস্তান উভয় দলের সমান ০ পয়েন্ট। বাংলাদেশের গোল ব্যবধান - ৭ আর উজবেকিস্তানের -৬। বাংলাদেশ উজবেকিস্তানের সঙ্গে জিতলেই হবে না বড় ব্যবধান নিতে হবে। উজবেকিস্তানকে নূন্যতম ৩/৪ গোলের ব্যবধানে হারাতেই হবে বাংলাদেশকে। তখন বাংলাদেশের গোল ব্যবধান দাঁড়াবে -৩/৪। এরপর বাংলাদেশকে তাকিয়ে থাকতে হবে ভারত ও জাপানের দিকে। ভারত ৪ গোলে চাইনিজ তাইপেকে ও জাপান ৫ গোলে ভিয়েতনামকে হারালে তখন বাংলাদেশ তৃতীয় স্থানের দ্বিতীয় সেরা দল হতে পারবে।

বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলা কার্যত এখন কঠিন। সমীকরণ কঠিন হলেও বাংলাদেশকে জিততে হবে আগে। ড্র হলে বাংলাদেশ ও উজবেকিস্তান কোনো দলেরই কোয়ার্টার ফাইনাল খেলা হবে না। কোয়ার্টার ফাইনালে না উঠলে অলিম্পিক বাছাই ও বিশ্বকাপ খেলার স্বপ্নও শেষ হয়ে যাবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন