বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঘরেই বানান রেস্টুরেন্টের মতো চিকেন-বুটের ডাল

ঘরেই বানান রেস্টুরেন্টের মতো চিকেন-বুটের ডাল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ভোজনরসিকদের কাছে রেস্টুরেন্টের ‘ডাল-গোশত’ সবসময়ই একটি বিশেষ আকর্ষণ। সাধারণ বুটের ডাল আর মুরগির মাংসের এই মেলবন্ধনকে কীভাবে হোটেলের মতো রাজকীয় স্বাদে রূপ দেওয়া যায়, তা নিয়ে গৃহিণীদের কৌতূহলের শেষ নেই। আজ আমরা উন্মোচন করছি সেই সিক্রেট রেসেপি, যা আপনার ঘরোয়া ইফতার বা দুপুরের আহারকে করবে অনন্য।

উপকরণ

  • বুটের ডাল (ছোলার ডাল): ২৫০ গ্রাম (অন্তত ৩-৪ ঘণ্টা ভেজানো)

  • মুরগির মাংস: ৫০০ গ্রাম (মাঝারি পিস)

  • পেঁয়াজ কুচি: ১ কাপ

  • আদা ও রসুন বাটা: ২ টেবিল চামচ

  • টমেটো কুচি: ১টি (বড়)

  • গোপন মশলা: জিরা গুড়া, ধনিয়া গুড়া, হলদ ও মরিচ গুড়া (প্রতিটি ১ চা চামচ করে)

  • আস্ত গরম মশলা: এলাচ ৩টি, দারুচিনি ২ টুকরো, তেজপাতা ২পি

  • স্পেশাল টাচ: কাসুরি মেথি (সামান্য) ও ঘি (১ টেবিল চামচ)


প্রস্তুত প্রণালী:

১. ভেজানো ডাল সামান্য লবণ ও হলুদ দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ করে নিন। খেয়াল রাখবেন ডাল যেন গলে না যায়, আবার চাপ দিলে একদম নরম হয়ে যায়। রেস্টুরেন্টের টেক্সচার পেতে ডাল সিদ্ধ হওয়ার পর ডাল ঘুটনি দিয়ে সামান্য ভেঙে দিন (পুরোটা নয়)।

২. কড়াইতে তেল গরম করে আস্ত গরম মশলা ফোঁড়ন দিন। এবার পেঁয়াজ লালচে করে ভেজে তাতে আদা-রসুন বাটা ও টমেটো দিয়ে দিন। সামান্য পানি দিয়ে গুঁড়া মশলাগুলো ভালো করে কষান যতক্ষণ না তেল ওপরে উঠে আসে। এবার মুরগির মাংস দিয়ে দিন এবং ভালো করে কষিয়ে রান্না করুন।

৩. মাংস আধা সিদ্ধ হয়ে এলে তাতে আগে থেকে সিদ্ধ করা ডাল মিশিয়ে দিন। প্রয়োজনমতো গরম পানি (অবশ্যই গরম পানি) দিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন। ডাল ও মাংসের ঝোল মাখা মাখা হয়ে এলে নামানোর আগে কাঁচামরিচ ফালি দিন।

৪. একটি ছোট প্যানে ঘি গরম করে তাতে সামান্য জিরা এবং শুকনা মরিচ দিন। এই গরম ঘি-জিলার মিশ্রণটি ডালের ওপর ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ৫ মিনিট দমে রাখুন। সবশেষে সামান্য কাসুরি মেথি হাত দিয়ে ঘষে ওপরে ছিটিয়ে দিন। এটিই রেস্টুরেন্টের সেই বিশেষ সুগন্ধ বয়ে আনবে।

পরিবেশন পরামর্শ

গরম গরম নান রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে এই চিকেন-বুটের ডাল পরিবেশন করুন। সালাদ হিসেবে লেবু ও কাঁচামরিচ সাথে রাখতে ভুলবেন না।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন