বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

হকি বাছাইয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের

হকি বাছাইয়ে দুর্দান্ত জয় বাংলাদেশের
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্যাংককের রয়্যাল থাই এয়ারফোর্স হকি মাঠে রোমাঞ্চকর এক লড়াইয়ে জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু করেছে বাংলাদেশ। চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল সমানতালে প্রতিদ্বন্দ্বিতা। খেলার চতুর্থ মিনিটেই প্রথম গোল করে এগিয়ে যায় চাইনিজ তাইপে। লি চি-শুয়ানের গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। তবে খুব বেশি সময় পিছিয়ে থাকতে হয়নি। ম্যাচের ১৫তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান আশরাফুল ইসলাম। প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে দেয় বাংলাদেশ। ম্যাচের ২২তম মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন আশরাফুল ইসলাম। এতে ২-১ ব্যবধানে লিড নেয় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারেও দাপট ধরে রাখে লাল-সবুজের দল। পেনাল্টি কর্নার থেকে দলের তৃতীয় গোল করেন আমিরুল ইসলাম। এরপর ম্যাচের ৫৯তম মিনিটে দ্বীন ইসলাম গোল করে ব্যবধান ৪-১ করেন, যা জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয় বাংলাদেশকে।

তবে ম্যাচের শেষদিকে নাটকীয়তা তৈরি হয়। চতুর্থ কোয়ার্টারের শেষ মুহূর্তে চাইনিজ তাইপে টানা আক্রমণে দ্রুত দুটি গোল শোধ করে ব্যবধান কমিয়ে আনে ৪-৩-এ। এতে ম্যাচে উত্তেজনা চরমে পৌঁছায়।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৪-৩ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

প্রাথমিক পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন