বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

দিরাইয়ে দুই সংঘর্ষে প্রাণ হারালেন ২, আহত ২০

দিরাইয়ে দুই সংঘর্ষে প্রাণ হারালেন ২, আহত ২০
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে রক্তক্ষয়ী পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রফিনগর ও সাদিরপুর গ্রামে পৃথক দুই সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন, আহত হয়েছেন অন্তত ২০ জন।

স্থানীয় সূত্র জানায়, বিকেল ৪টার দিকে সাদিরপুর গ্রামে ধান শুকানোর খলার ওপর দিয়ে মাটিবাহী ট্রলি চালানোকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়।

দেশীয় অস্ত্র নিয়ে প্রায় আধাঘণ্টা ধরে চলা সংঘর্ষে আব্দুল হামিদের ছেলে আহাদ নুর (২৫) বুকে টেঁটা বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

একই দিন বিকেল ৫টার দিকে রফিনগর গ্রামে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। আগের দিন একটি হাঁস নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া উত্তেজনা থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে গিয়াসউদ্দিন (৫৫) বুকে টেঁটা বিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, পৃথক দুই সংঘর্ষে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন