বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

দক্ষিণ এশিয়ান টেবিল টেনিসে বাংলাদেশের ঝড়, ৮ পদক নিশ্চিত

দক্ষিণ এশিয়ান টেবিল টেনিসে বাংলাদেশের ঝড়, ৮ পদক নিশ্চিত
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সাউথ এশিয়ান ইয়ুথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে বাংলাদেশ। প্রতিযোগিতার প্রথম তিন দিনেই ১টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষ দিনে পদকের সংখ্যা ও মান আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) একদিনেই বাংলাদেশ ১টি রৌপ্যের পাশাপাশি আরও ৫টি ব্রোঞ্জ পদক নিশ্চিত করে। এর আগে বৃহস্পতিবার দলগত ইভেন্টে অনূর্ধ্ব-১৯ বালক দল স্বর্ণপদক জয় করে দেশের জন্য বড় সাফল্য এনে দেয়। একই ইভেন্টে অনূর্ধ্ব-১৯ বালিকা দল গ্রুপপর্যায়ে তৃতীয় হয়ে ব্রোঞ্জ অর্জন করে।

দলগত ইভেন্টে প্রত্যাশিত ফল না পেলেও একক ইভেন্টে এখনও ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। দেশের এক নম্বর বালিকা খেলোয়াড় খই খই সাই মারমা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এছাড়া অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে নাফিজ ইকবাল ও আবুল হাশেম হাসিব এবং অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে মো. মিদুল রহমান প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন।

একক ইভেন্টে খই খই সাই মারমা ভারতের অনন্যা মুরালিধরনের কাছে হেরে গেলেও মালদ্বীপের প্রতিপক্ষকে হারিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। নাফিজ ইকবালও গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টারে জায়গা নিশ্চিত করেছেন। একইভাবে আবুল হাশেম হাসিব ও মিদুল রহমানও নিজেদের বিভাগে লড়াই চালিয়ে যাচ্ছেন।

দ্বৈত ইভেন্টে অনূর্ধ্ব-১৯ বালক বিভাগে নাফিজ ইকবাল ও আবুল হাশেম হাসিব সেমিফাইনালে জয় পেয়ে রৌপ্য পদক নিশ্চিত করেছেন এবং ফাইনালে ভারতের বিপক্ষে লড়বেন।

এছাড়া অনূর্ধ্ব-১৫ বালক দ্বৈত, অনূর্ধ্ব-১৫ বালিকা দ্বৈত, অনূর্ধ্ব-১৯ বালিকা দ্বৈত এবং মিশ্র দ্বৈত ইভেন্টে বাংলাদেশ একাধিক ব্রোঞ্জ পদক অর্জন করেছে।

মিশ্র দ্বৈতেও দারুণ পারফরম্যান্স দেখিয়ে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৯ বিভাগে সেমিফাইনালে উঠে আরও দুটি ব্রোঞ্জ নিশ্চিত করেছে বাংলাদেশ।

তবে কিছু খেলোয়াড় একক ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালের আগেই বিদায় নিয়েছেন। তবুও সামগ্রিকভাবে এবারের আসরে বাংলাদেশের পারফরম্যান্সকে ইতিবাচক হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।

শেষ দিনের খেলায় আরও পদক জয়ের আশা নিয়ে মাঠে নামবে বাংলাদেশের তরুণ টেবিল টেনিস খেলোয়াড়রা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন