বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ময়মনসিংহে আলোচিত হত্যা মামলার রায়, ৫ জনের যাবজ্জীবন

ময়মনসিংহে আলোচিত হত্যা মামলার রায়, ৫ জনের যাবজ্জীবন
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ময়মনসিংহের হালুয়াঘাটে কৃষক হাবিবুর রহমান হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন—শুক্কুর আলী (৫৪), আমির আলী (৪৩), জমির আলী (৪১), হাতেম আলী (৩৯) ও হারেজ আলী (৩৩)। তারা সবাই হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৪ অক্টোবর মোকামিয়া গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনার জেরে আসামিরা হাবিবুর রহমান ও তার মাকে মারধর করে গুরুতর আহত করে। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান মারা যান।

এ ঘটনায় নিহতের ভাগ্নি নুরুন্নাহার বাদী হয়ে ২০১২ সালের ১৬ অক্টোবর হালুয়াঘাট থানায় ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

দীর্ঘ বিচারিক কার্যক্রমে ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে ২০ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন