বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ফুটবল ক্লাবের মালিক হলেন লিওনেল মেসি

ফুটবল ক্লাবের মালিক হলেন লিওনেল মেসি
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ প্রায় দুই দশক বার্সেলোনায় খেলাধুলার পর ২০২১ সালে ক্লাব ছাড়েন লিওনেল মেসি। তবে ২০২৬ বিশ্বকাপের আগে আবারও আলোচনায় সেই কাতালান শহর—এবার খেলোয়াড় হিসেবে নয়, ক্লাব মালিক হিসেবে।

স্পেনের পঞ্চম বিভাগের ক্লাব ‘ইউই কোর্নেয়া’ অধিগ্রহণ করেছেন ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন তারকা। বার্সেলোনার পার্শ্ববর্তী শ্রমিক অধ্যুষিত এলাকার এই ক্লাবটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মেসিকে নতুন মালিক হিসেবে ঘোষণা করে।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, মেসির আগমন তাদের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্থানীয় ফুটবলের সঙ্গে সংযোগ রেখে ক্লাবকে এগিয়ে নেওয়াই মূল লক্ষ্য।

তবে এই অধিগ্রহণের আর্থিক দিক এখনো প্রকাশ করা হয়নি।

২০০৪ থেকে ২০২১ পর্যন্ত বার্সেলোনার হয়ে মেসি জিতেছেন ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা। তিনি ক্লাবটির হয়ে ৬৭২ গোল করে গড়েছেন অনন্য এক রেকর্ড।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত কোর্নেয়া ক্লাবটি ছোট হলেও তরুণ ফুটবলার তৈরির জন্য পরিচিত। আর্সেনালের ডেভিড রায়া, বার্সেলোনার জেরার্ড মার্টিন এবং ইন্টার মায়ামির জর্দি আলবার মতো খেলোয়াড়রা এই ক্লাবেরই উঠে আসা।

২০২১ সালে কোপা দেল রে-তে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চমক দেখিয়েছিল এই ক্লাব, যা স্প্যানিশ ফুটবলে আলোচনার জন্ম দেয়।

বর্তমানে ৩৮ বছর বয়সী মেসি ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য আসরে আর্জেন্টিনাকে শিরোপা ধরে রাখতে নেতৃত্ব দেওয়াই তার লক্ষ্য।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন